এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ
এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সমর্থন ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

একইসঙ্গে তিনি জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এ ইস্যুতে তুরস্ককে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়া শহরের ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মানবিক সংকটের আইনি লড়াইয়ে অবিচল সংহতির জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার জন্য মাঠপর্যায়ে তুর্কি মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্য নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই পরিবেশ তৈরি করে প্রত্যাবাসন সুনিশ্চিত করাই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।

দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যৌথ বিনিয়োগ এবং সহযোগিতা বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানানো হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তাঁর সফল বৈঠকের স্মৃতি স্মরণ করেন এবং গত কয়েক মাসে বিভিন্ন খাতভিত্তিক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুর্কি প্রেসিডেন্টকে সাধুবাদ জানান তিনি।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে দুই দেশের যৌথ অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের উদীয়মান নবায়নযোগ্য জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুযোগ রয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত