প্রতিমন্ত্রীর বক্তব্য ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে—সরকারের অবস্থান জানতে চায় টিআইবি
প্রতিমন্ত্রীর বক্তব্য ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে—সরকারের অবস্থান জানতে চায় টিআইবি
0:00 0:00

প্রতিমন্ত্রীর বক্তব্য ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে—সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

বাংলাদেশ
প্রতিমন্ত্রীর বক্তব্য ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে—সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ৭:০৬ এএম

বিজ্ঞপ্তিতে ঠিকাদারের উপহার নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং তাঁর বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে প্রকৌশলীদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য ঘুষ ও দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলেছে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার সুযোগ নেই। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাশাপাশি সরকারি ক্রয়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। এ জন্য প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় সংস্থাটি।

গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, ‘কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়। এ ধরনের উপহার গ্রহণ করা যেতে পারে।’ প্রতিমন্ত্রীর এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কোথায়? যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।

ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে। ‘নতুন করে চিন্তা’ করার নামে সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছে টিআইবি। প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থান কি না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজের প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য। একই আইনের ১৬৫ ধারায় দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪)-এ সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। এসব বিধানের কোনোটিই দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না বলে উল্লেখ করেছে টিআইবি।

ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার ক্ষেত্রে স্বার্থের সংঘাতের ঝুঁকিও তুলে ধরেছে সংস্থাটি। ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারকি করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তাঁর নিরপেক্ষতা বজায় থাকবে কীভাবে? এ ধরনের লেনদেন কাজের তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে অন্য ঠিকাদারদের সমান সুযোগ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে দুর্নীতি বাড়বে।

ইফতেখারুজ্জামান আশঙ্কা প্রকাশ করে বলেন, এ চর্চা অন্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়তে পারে। একপর্যায়ে নাগরিকদের প্রাপ্য সেবা পাওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় স্বাভাবিক হয়ে উঠতে পারে। আজ যে উপহার স্বেচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, ভবিষ্যতে তা ঘুষ আদায়ের প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও অমূলক নয় বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের অবস্থান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এমন দুর্নীতি সহায়ক অবস্থান সরকারের জন্যই অশনিসংকেত বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে আখ্যা দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত