তিনটি প্রহসনের নির্বাচনে গণতান্ত্রিক অধিকার নস্যাৎ হয়েছে: স্পিকার
ফাইল ছবি
আওয়ামী লীগ সরকারের আমলে পরপর অনুষ্ঠিত তিনটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ওই নির্বাচনগুলোর মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে নেমে আসা মানুষের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের অবসান হয়েছে। জনগণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গঠিত বর্তমান সংসদ তাঁদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।
স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। রাজনীতিবিদদের দৃঢ় সংকল্প থাকলে দুর্নীতি দূর করা সম্ভব। আমলারা রাজনীতিবিদদের অধীনে কাজ করেন। তাই দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি দূর করা জরুরি।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে ‘সর্বদলীয় সংসদীয় ককাস’-এর প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃত নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গণতন্ত্র কার্যকর হলে এসব মানুষের অবস্থার উন্নয়ন সম্ভব।
নারী সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সদস্যরা তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ ও দক্ষ। সংসদে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, সুযোগ এবং জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এ উদ্যোগে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তিকেও যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ককাসের পটভূমি, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।
প্রশ্নোত্তর পর্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, উর্দুভাষীদের অধিকার, দলিত জনগোষ্ঠীর স্থায়ী আবাসন, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা, অভিবাসী নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং তৈরি পোশাকশ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বেদে জনগোষ্ঠী, উপকূলীয় জেলে সম্প্রদায়, দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টিও উঠে আসে।
অনুষ্ঠানে ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সুবিধাবঞ্চিত বিভিন্ন জনগোষ্ঠীর অভিজ্ঞতা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন