নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই
নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই
0:00 0:00

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই

বাংলাদেশ
নুসরাতের বাড়িতে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই

ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৯:৪৪ এএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন লাগানো হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রাথমিক তদন্তে পেট্রল বোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাড়িটিতে চারটি পেট্রল বোমা মেরে আগুন লাগানো হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রল বোমা ব্যবহার করা হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।

মাগরিবের নামাজের বিরতির পর প্রশ্নোত্তর পর্ব শেষের পর নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় থাকা ভিডিও ফুটেজটি দেখলে স্পষ্ট বোঝা যায়, বাইরে থেকে কোনো কিছু নিক্ষেপ করার কারণেই মুহূর্তে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।

নাহিদ বলেন, ওই বাড়ি পরিত্যক্ত ছিল না, সেখানে মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও বাড়িতে মানুষ ছিলেন। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সেখানে থাকতেন। গতকাল রাতে সেখানে মানুষ মারা যেতে পারতেন। তিনি দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ফলে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।

ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানান। কিছুক্ষণ বক্তব্য বন্ধ করে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তখন সরকারি ও বিরোধী দলের সদস্যরা হট্টগোল চালিয়ে যান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে সরকারি দলের এক সদস্যকে মাইক (স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক চালু থাকায়) ছাড়া বলতে শোনা যায়, একটা কথাও বলা যায় না, সালাহউদ্দিন ভাই একটা কথাও বলিয়েন না। এখন পোলাপানে বলুক, ওরা বেশি বাইড়া…। (তখন স্বরাষ্ট্র মন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়)।

ওই সময় এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতু দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। তখন ডেপুটি স্পিকার এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বসে পড়ার অনুরোধ করেন। বলেন, এইভাবে সংসদে কথা বলেন সমীচীন না। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। তাঁকে বক্তব্য দিতে বাধা দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয়। প্রয়োজনে পরে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।

এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আশা করেছিলাম আমাদের নবীন বন্ধুরা সংসদীয় সংস্কৃতি অনুসরণ করবেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পেছনের সারিতে বসা সদস্য বলেন, ‘ইয়েস’। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বাড়িতে দুটি ছাগল থাকার প্রসঙ্গ তুললে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।

এ সময় মাহমুদা আলম মিতুকে মাইক ছাড়া বলতে শোনা যায়, হুমকি আমরা পায়, আপনারা পান না। তাই বুঝেন না। হান্নান মাসউদ বলেন, আমরা নিয়মিত হুমকি পায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও পেট্রল বোমা নিক্ষেপ করা হলে তার চিহ্ন থাকবে। সেটি তদন্ত করে দেখতে বলা হয়েছে। অন্য কোনোভাবে আগুন লাগলে তদন্তের পর তা জানা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা দুঃখজনক ঘটনা হয়েছে এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে তাহলে সেটি সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে থাকে এক্সিডেন্টালি সেটা তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। এখন শুধুমাত্র সরকারকে দোষারোপ করার জন্য কোনো বাড়িতে যদি আগুন লেগে গিয়ে থাকে সেটার উপরে পুরো সরকারকে দোষারোপ করার জন্য কোনো বক্তব্য দেওয়া সমীচীন নয়।’

নাহিদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্ত কেবল শুরু হয়েছে। কাউকে দোষারোপ করতে চান না তাঁরা। নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে থাকলে বা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকলে সেটিও তদন্তে বেরিয়ে আসবে। তবে আগের মতো ঢালাওভাবে কাউকে দায়ী করতে চান না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে ফ্লোর চান নাহিদ ইসলাম। তবে, তাঁকে ফ্লোর দেওয়া হয়নি। তাঁকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ওনি তদন্ত করা ছাড়া, কীভাবে বলে দিচ্ছেন, এটা শর্ট সার্কিটে হয়েছে।

পরে ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত উদ্বেগের। তিনি জানান, মধ্যরাত ১টা ২০ বা ২৫ মিনিট হবে। আমাদের একজন কলিগ, এ বিষয়ে আমাকে কল করেন। এরপর আমি সঙ্গে সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলাম, ওনাকে পেলাম না। এরপর আইনমন্ত্রীকে কল দিলাম, ওনাকে পেলাম না। তখন মধ্যরাত, দুইটা বাজে। এরপর জ্বালানি প্রতিমন্ত্রীকেও কল দিলাম, কিন্তু তাঁকেও পেলাম না। যখন একজন সংসদ সদস্যের বাড়িতে ঘটনা ঘটে, এটা আমাদের সকলের জন্য উদ্বেগের। যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন (বিরোধী দলীয় চিফ হুইপ)।

ডেপুটি স্পিকার আরও বলেন, দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইনভেস্টিগেশনটা পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তাঁরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানাবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচার করা হবে। কিন্তু তিনি এসে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। বিরোধী দলের একজন সংসদ সদস্য ও গণঅভ্যুত্থানের একজন নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ভূমিকা কী, তা বাংলাদেশের মানুষ দেখেছে।

এরপর আবার বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তিনি তথ্যসমৃদ্ধ বক্তব্য দিয়েছেন। আগের রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলছেন, আগুন লাগানো হয়েছে। কিন্তু তদন্ত কি শেষ হয়ে গেছে?

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর মন্ত্রী আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রল বোমার চিহ্ন না থাকার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই করে প্রতিবাদ জানান। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চাইলে তিনি বক্তব্য বন্ধ করতে পারেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত