পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন ধরনের ১২৯টি পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে।
কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও জানিয়েছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন