৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর
0:00 0:00

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, ২-এপিবিএনের সাবেক এএসপি আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত হন। এ বিষয়ে বিধি অনুযায়ী তাঁকে নোটিশ দেওয়া হলেও পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে করা তদন্তে কর্মস্থল থেকে পলায়নের অভিযোগ পাওয়া যায়, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। কর্মস্থল থেকে পলায়নের তারিখ থেকেই তাঁর বরখাস্ত কার্যকর করা হয়েছে।

অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া এবং দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে এ গুরুদণ্ড দেওয়া হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত