রয়ে গেল ‘রোকযানা’, মায়ের পাশে চিরঘুমে সাহেদ
গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়কোলাজ
‘আমি একটা জীবনযাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্যাপন করতে এসেছি, আনন্দ উদ্যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শনের কথা এভাবেই বলেছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। গান, গিটার আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দেই কাটাতে চেয়েছিলেন জীবন। নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফেরার প্রস্তুতিও ছিল; কিন্তু সেই আয়োজন অসমাপ্ত রেখেই বিদায় নিলেন ‘রোকযানা’র শিল্পী ।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেষ ইচ্ছা অনুযায়ী গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। সাহেদ বিয়ে করেননি।
সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ শারীরিক একাধিক জটিলতা দেখা দেয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরশাদুল হক জানিয়েছিলেন, ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল সাহেদের। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল; কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়।
অপূর্ণ রয়ে গেল গানের আয়োজন
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ২৪টি নতুন গান তৈরি করেছিলেন সাহেদ। অ্যালবামের নাম রেখেছিলেন ‘মালেকা রোকযানা’ । মালেকা তাঁর মায়ের নাম আর রোকযানা গানের একটি চরিত্র। পান্ডুর সঙ্গে যৌথভাবে তৈরি অ্যালবামটিকে নিজের একার কাজ বলতে চাইতেন না; বলতেন, এটি পান্ডু–সাহেদের অ্যালবাম।
গানগুলো প্রকাশের পরিকল্পনাও ছিল ব্যতিক্রমী। জি-সিরিজের ব্যানারে প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড তৈরির উদ্যোগ ছিল। সঙ্গে গানের কথা নিয়ে কমিকস এবং একটি সংগ্রহযোগ্য বক্স। সংগীতকে একটি শিল্পকর্ম হিসেবে শ্রোতাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন সাহেদ।
এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। সুস্থ হয়ে নতুন গান নিয়ে ফেরার স্বপ্ন আর পূরণ হলো না তাঁর।
‘প্রভু’ থেকে ‘রোকযানা’
১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অ্যালবাম প্রকাশের সুযোগ এসেছিল অনেকটা আকস্মিকভাবে। তখন বিভিন্ন কলেজের অনুষ্ঠান, নবীনবরণ ও কনসার্টে নিজের মৌলিক গান গাইতেন। একদিন বন্ধু সাঈদের এলিফ্যান্ট রোডের দোকানে গিয়ে মাসুদ নামের এক তরুণের সঙ্গে পরিচয় হয়। তিনিই সাহেদকে নিয়ে যান সারগাম স্টুডিওতে।
সেখানে বাদল ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। পরে গান রেকর্ড করার সুযোগ পান। সেই রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
প্রথম অ্যালবামে গিটার বাজিয়েছিলেন আইয়ুব বাচ্চু ও পান্ডু। ড্রামসে ছিলেন ফান্টি। অল্প কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে তৈরি হয়েছিল অ্যালবামটি। সাহেদের স্মৃতিতে, সে সময় অ্যাকুস্টিক গিটার হাতে একজন শিল্পীর এভাবে গান করা ছিল বেশ ব্যতিক্রমী।
‘প্রভু’র পর ‘গান নেবেন গান’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন তিনি । তবে ‘রোকযানা’ গানটি তাঁকে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। একসময় হয়ে ওঠেন ‘রোকযানা’ সাহেদ।
গানটির নাম নিয়েও ছিল কৌতূহল। রোকযানা কি বাস্তব কোনো নারী, নাকি কেবল গানের চরিত্র? এ প্রশ্নের উত্তর দিতে চাইতেন না সাহেদ। শ্রোতাদের নিজস্ব কল্পনার জায়গাটুকু রেখে দিতে চেয়েছিলেন।
সাহেদের উল্লেখযোগ্য অন্য গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
ঝড় থেকে ‘গাছ’
‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সাহেদ । ব্যান্ডের নামটির সঙ্গে জড়িয়ে ছিল সুন্দরবনে যাওয়ার একটি অভিজ্ঞতা। ঘূর্ণিঝড় সিডরের পর সেখানে গিয়েছিলেন তিনি। সুন্দরবনের ক্ষয়ক্ষতির খবর শুনে মন খারাপ হয়েছিল। সেখানে গিয়ে দেখেন, গাছগুলো ঝড়ের আঘাত সহ্য করে উপকূলকে রক্ষা করেছে। সেই অভিজ্ঞতা থেকেই ব্যান্ডের নাম রাখেন ‘গাছ’। তাঁর কাছে গাছ ছিল প্রকৃতি, জীবন ও টিকে থাকার প্রতীক।
কেউ তাঁকে বলতেন নাগরিক গায়ক, কেউ আরবান বাউল। কারও চোখে ছিলেন বেপরোয়া, খ্যাপাটে কিংবা নিয়মের বাইরে চলা এক শিল্পী। এসব পরিচয় নিয়ে খুব একটা ভাবতেন না সাহেদ। নিজের মতো করে গান তৈরি করা আর স্বাধীনভাবে বেঁচে থাকাই ছিল তাঁর কাছে বড়।
প্রেম এসেছে, সংসার হয়নি
প্রেম নিয়ে সাহেদের ভাবনাও ছিল নিজস্ব। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রতিটি প্রেমই প্রথম। প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম বলে কিছু নেই। প্রতিটি প্রেম স্বয়ংসম্পূর্ণ।’
জীবনে প্রেম এসেছে, একসময় বিয়ের কথাও এগিয়েছিল। সাহেদের বর্ণনায়, সেই নারীই পরে তাঁকে বলেছিলেন, তিনি ভালো প্রেমিক হলেও ভালো স্বামী হতে পারতেন না। কথাটির সঙ্গে একমত হয়েছিলেন সাহেদও। মনে করতেন, নিজের মতো করে বাঁচতে চাইলে অন্য একজনকে সেই জীবনের দায়িত্বে জড়িয়ে কষ্ট দেওয়া ঠিক হবে না।
একা থাকার মধ্যে স্বাধীনতা খুঁজে পেতেন তিনি। নিজের সময়, নিজের সিদ্ধান্ত আর নিজের মতো করে জীবন কাটানোর আনন্দ ছিল সাহেদের কাছে গুরুত্বপূর্ণ। তবে অসুস্থতার সময় একাকিত্বের অসহায়ত্বও অনুভব করেছেন।
মায়ের সঙ্গে ছিল গভীর সম্পর্ক। মায়ের হাতের রান্না খেতে বাড়ি যেতেন। নিজেও রান্না করতেন। তাঁর ‘সুন্দরী তুই জলদি আয়’ গানটির পেছনেও ছিল একা থাকার এক মজার অভিজ্ঞতা। ভাত রান্না করতে দিয়ে গানের কথা লিখতে বসেছিলেন। ফিরে এসে দেখেন, ভাত পুড়ে গেছে। পরে আবার ভাত বসিয়ে অপেক্ষার সময়েই গানটির কথা মাথায় আসে।
নিজের মতো করে বাঁচতে গিয়ে প্রচলিত অনেক কিছু থেকে দূরে থেকেছেন সাহেদ। তবে গান নিয়ে কোনো অনুশোচনা ছিল না। তাঁর নিজের ভাষায়, ‘গান আমাকে বিমুখ করেনি। গান আমাকে প্রচুর টাকা দিয়েছে। গান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই।’
মায়ের নাম জড়িয়ে নতুন অ্যালবাম তৈরি করেছিলেন সাহেদ। শেষ পর্যন্ত সেই মায়ের পাশেই হলো তাঁর শেষ আশ্রয়; আর গিটার হাতে মঞ্চে দাঁড়াবেন না, নিজের কণ্ঠে শোনাবেন না ‘রোকযানা’। তবে যে গান তাঁকে শ্রোতাদের এত কাছে এনেছিল, তা রয়ে গেল। সাহেদ ঘুমালেন মায়ের পাশে, শ্রোতাদের স্মৃতিতে আর ভালোবাসায় জেগে রইল ‘রোকযানা’।
আপনার মতামত লিখুন