সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারত – MZamin
সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারত – MZamin
0:00 0:00

সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারত – MZamin

খেলা
সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারত – MZamin
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১:৩৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৯ বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান। ১৮ বছর পর শেষ চারে ওঠা দলটিকে সমীহ করছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান তিনি। ভারতের লক্ষ্য একটাই- ভালো ফুটবল খেলে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

সাফের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর সেমিফাইনালে উঠেছে ভুটান। পরিসংখ্যান ও অভিজ্ঞতায় এগিয়ে থাকায় আজ বিকাল সাড়ে ৩টায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে ফেভারিট ভারতই। তবে এসব হিসাব নিয়ে ভাবতে নারাজ নওশাদ। তার কাছে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট দিনে দলের পারফরম্যান্স। ভারতীয় কোচ বলেন, ‘এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে। তাদের বিপক্ষে কীভাবে ভালো ফুটবল খেলতে পারি এবং ম্যাচটি জিততে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।’ ভারত-ভুটান ম্যাচের পর রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। ফলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে সম্ভাব্য হামজা চৌধুরীকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় কোচকে। তবে আপাতত হামজাকে নিয়ে ভাবতে চান না নওশাদ। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আমার ভুটানের ম্যাচ। তাই হামজা চৌধুরীকে নিয়ে চিন্তা করার চেয়ে ভুটানকে কীভাবে থামানো যায়, সেটি নিয়েই ভাবা উচিত।’ ভুটানের খেলার ধরন নিয়েও সতর্ক ভারতীয় কোচ। গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন তিনি। নওশাদ বলেন, ‘ভুটান বেশ শক্তিশালী দল। তারা গতিশীল এবং কৌশলগতভাবেও ভালো। তাদের রক্ষণ সামলানোর ধরন ও প্রতি-আক্রমণে ওঠার পদ্ধতি কার্যকর।

খেলোয়াড়েরা দ্রুতগতির এবং সুযোগ কাজে লাগাতেও দক্ষ।’ আবহাওয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না নওশাদ। তবে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে তাঁর। একাদশ নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দেননি ভারতীয় কোচ। আগের দলীয় সমন্বয় ধরে রাখতে চান তিনি। বলেন, ‘দলে খুব বেশি পরিবর্তন আনতে চাই না। আমি চাই খেলোয়াড়েরা একটি দল হিসেবে নিজেদের গড়ে তুলুক। সম্ভবত আগের একই একাদশ ধরে রাখব।’ পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সুহাইল ভাট। মালদ্বীপের বিপক্ষে তার পেনাল্টি গোলেই জিতেছে ভারত। আজ তিনিই যে নওশাদ মুসার বাজির ঘোরা হবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে সাংবাদিকদের কাছে তাকে আড়ালেই রাখতে চাইলেন এই ভারতীয় কোচ।