Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: ভিডিও থেকে নেওয়া

আইইডিসিআরের পরিচালককে মারধর: ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদের সদস্যপদ স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটি। পাশাপাশি তাঁর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ডা. জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- জানতে চেয়ে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাব সভাপতি ও মহাসচিব বরাবর যথোপযুক্ত জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

এর আগে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে এক দল ব্যক্তি তাঁকে মারধর করেন। তিনি অভিযোগ করেছেন, ড্যাব কর্মীরা তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

অধ্যাপক জাকিরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অধ্যাপক জাকির নিজ কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। এ সময় কয়েকজন হঠাৎ কক্ষে ঢুকে তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করেন। ওই কক্ষে থাকা ব্যক্তিরা বাধা দিলে তাঁরা বেরিয়ে যান।

বিএনপি সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক জাকির। নিজ কার্যালয়ে ড্যাব সদস্যরা মব সৃষ্টি করে তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করলেও কেন তাঁকে মারধর করা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধর, অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে
  • ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী
  • বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন