Logo
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ম্যাচের আগে শতভাগ ভুটানি দল নিয়ে গর্বিত চেনচো - MZamin

বাংলাদেশ ম্যাচের আগে শতভাগ ভুটানি দল নিয়ে গর্বিত চেনচো – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সাফ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দলগুলোতে রয়েছে প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার। তবে ব্যতিক্রম ভুটান। দলটির অধিনায়ক চেনচো গিয়েলৎসেনের গর্ব, তাদের জাতীয় দলে শতভাগই ভুটানি ফুটবলার। বিদেশে বেড়ে ওঠা বা বংশোদ্ভূত খেলোয়াড় ছাড়াই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান তারা। গতবারের সাফে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ভুটান। এবারও স্বাগতিকদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় দলটি। তবে প্রথম ম্যাচে হামজা চৌধুরী না থাকায় হতাশ চেনচো।

তার মতে, দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় তারকা হামজার বিপক্ষে খেলার সুযোগ পেলে ভুটানের তরুণ ফুটবলারদের অনেক কিছু শেখার ছিল। গতকাল সংবাদ সম্মেলনে চেনচো বলেন, ‘হামজা খেললে আমরা তার বিপক্ষে খেলতে পছন্দ করতাম। সে আমাদের সাফ অঞ্চলের একজন বড় তারকা। ভালো মানের খেলোয়াড়দের সঙ্গে তার খেলা দেখার পাশাপাশি তার বিপক্ষে খেলে শেখার সুযোগও হতো। দুর্ভাগ্যবশত শুনেছি, সে প্রথম ম্যাচে আসছে না।’ তবে হামজা না থাকলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভুটান। চেনচো বলেন, ‘সাফ কাপ জেতা প্রতিটি দলেরই স্বপ্ন। আমরা প্রথম ম্যাচ জিততে চাই এবং সেমিফাইনালের জন্য নিজেদের অবস্থান নিরাপদ করতে চাই।’ প্রস্তুতির দিক থেকে অবশ্য বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভুটান। টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি তারা। ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস জানিয়েছেন, জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাননি তাঁরা।

গত ফিফা উইন্ডোতে ভুটানের জাতীয় লীগ চলায় খেলোয়াড়দের একসঙ্গে পাওয়াও কঠিন ছিল। ভুটান দলে এবার বেশ কয়েকজন তরুণ ও নতুন মুখ রয়েছেন। অধিনায়ক চেঞ্চোও মনে করেন, শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও কোচের অভিজ্ঞতায় এখন দল আত্মবিশ্বাসী। তাঁর কথায়, প্রস্তুতির জন্য সময় কম পেলেও সবাই সাফে ভালো করার ব্যাপারে আশাবাদী। দলে বংশোদ্ভূত বিদেশি ফুটবলার না থাকা প্রসঙ্গে চেনচো বক্তব্য আরও স্পষ্ট। তাঁর মতে, বিশ্ব ফুটবলে এখন অনেক দেশই নাগরিকত্ব দিয়ে বিদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলাচ্ছে। তবে ভুটান নিজেদের দেশীয় খেলোয়াড়দের নিয়েই এগিয়ে যেতে চায়।

চেনচো বলেন, ‘আমার মনে হয়, ভুটানই একমাত্র দল, যারা শতভাগ ভুটানি খেলোয়াড় নিয়ে খেলছে। জাতীয় দলের হয়ে শতভাগ ভুটানিকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত।’ আজ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৯ জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে দুই ম্যাচে। সবশেষ ভুটানের কাছে বাংলাদেশ হেরেছে ২০২৪ সালে সেপ্টেম্বরে ফিফা ফ্রেন্ডলিতে।

আরও পড়ুন

  • হামজাকে জয় দিয়ে বরণ করতে চান নতুন অধিনায়ক তপু – MZamin
  • শচীনকে টপকে কোহলির অনন্য রেকর্ড – MZamin
  • বিগ ব্যাশে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে ‘দ্য ফিজ বে’ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন