ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের করমর্দনের দৃশ্য এখন দেখা যায় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলেও দীর্ঘদিন ধরে হাত মেলাচ্ছে না কেউ। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে মাঠের সৌজন্যেও। তবে ঢাকার মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। ম্যাচ শুরুর আগে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে সৌহার্দ্যর বার্তা দিলেন ভারত ও পাকিস্তানের ফুটবলাররা।
দুই দেশের বৈরিতার কথা কারও অজানা নয়। বিশেষ করে গত বছরের এপ্রিলে কাশ্মীরের হামলার পর থেকে ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো বন্ধ রেখেছে ভারত। এমনকি পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফিও নেয়নি তারা। পুরুষ ক্রিকেটের পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা গেছে একই দৃশ্য।
ক্রিকেটের মতো ফুটবল মাঠেও কি সৌজন্য বিনিময় বন্ধ থাকবে? সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে আলোচনায় ছিল এই প্রশ্ন। কারণ, এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে তাদের কোনো আপত্তি নেই।
কথার সঙ্গে কাজের মিলও রেখেছে ভারত। গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা পরস্পরের সঙ্গে হাত মেলান। ক্রিকেট মাঠে যে দৃশ্য দীর্ঘদিন ধরে অনুপস্থিত, ফুটবল মাঠে সেটিই দেখা গেল স্বাভাবিক সৌজন্যের আবহে। রাজনৈতিক বৈরিতার বাইরে খেলাধুলার সৌন্দর্য ও পারস্পরিক সম্মানের বার্তাই যেন দিলেন দুই দলের ফুটবলাররা।