Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
পাঁচ মৌসুম পর শিরোপার সুবাস খুলনার - MZamin

পাঁচ মৌসুম পর শিরোপার সুবাস খুলনার – MZamin

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ঢাকা ও খুলনা সর্বোচ্চ সাতবার করে শিরোপা জিতেছে। ঢাকাকে সরিয়ে এককভাবে রেকর্ডটি নিজেদের করে নেয়ার সামনে মোহাম্মদ মিঠুনের দল। ২০২৬-২৭ মৌসুমে ষষ্ঠ রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা। দুইয়ে থাকা চট্টগ্রামের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। শেষ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে খুলনা। সেই ম্যাচে ড্র কিংবা জয় পেলে হিসাবনিকাশ ছাড়া রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতবে দলটি। সবশেষ ২০১৯-২০ মৌসুমে এনসিএলের শিরোপা জেতে খুলনা। গতকাল ষষ্ঠ রাউন্ডে ঢাকার বিপক্ষে ড্র করে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল করে দলটি। অন্য ম্যাচে মিম মোসাদ্দেকের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইনিংস হারের শঙ্কা পেছনে ফেলে চট্টগ্রামকে রুখে দেয় রংপুর। চট্টগ্রামের আবু হায়দারের দাপুটে পারফরম্যান্সে ফলো অনে পড়া বরিশালকে ১০ উইকেটে হারায় ময়মনসিংহ। আরেক ম্যাচে বগুড়ায় সিলেটের স্পিনার নাসুমের আগুন ঝরা বোলিংয়ে কাছে হার মানে রাজশাহী।

ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় খুলনা। শেখ পারভেজ রহমান খেলেন ৪৬ রানের ইনিংস। পরে ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনুশীলনে নেমে আনিসুল ইসলামের ৭৬ ও আশিকুর রহমানের ৫১ রানে ভর করে দিন পার করে দেয়। রংপুরকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তোলার দারুণ সুযোগ ছিল চট্টগ্রামের সামনে। তবে তাদের সেই স্বপ্নে বড় ধাক্কা দিলেন মিম মোসাদ্দেক। ৩১৭ বলের ধৈর্যশীল ইনিংসে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে রংপুরের ড্র নিশ্চিত করেন এই ওপেনার। আউটফিল্ড ভেজা থাকায় দিনের খেলা শুরু হয় দেরিতে। ইনিংস পরাজয় এড়াতে রংপুরের প্রয়োজন ছিল তখনা ১১১ রান, হাতে ৮ উইকেট। অষ্টম ওভারে অদ্ভুত এক ঘটনার দেখা মেলে। হাসান মুরাদের বল ঠেকিয়ে পিচ থেকে হাত দিয়ে কুড়াতে গিয়ে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন আবদুল্লাহ আল মামুন। মুশফিকুর রহীম ও মার্শাল আইয়ুবের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণিতে এমন আউটের কবলে পড়েন তিনি।

চাপের মুখে ষষ্ঠ উইকেটে শিহাব জেমসের (৫২) সঙ্গে ১১৪ রানের প্রতিরোধ গড়েন মিম। শেষদিকে লেজের সারির ব্যাটারদের নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে দলকে নিরাপদে নিয়ে যান তিনি। এবারের লীগে টানা ৬ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন তিনি। এই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চট্টগ্রামের শিরোপা জয়ের পথ ভীষণ কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে তাদের কেবল বোনাস পয়েন্টসহ জিতলেই হবে না, খুলনার বড় হারের দিকেও চেয়ে থাকতে হবে। বগুড়ায় রাজশাহীকে বড় ব্যবধানে হারায় সিলেট। জয়ের জন্য ৪৬৩ রানের অসম্ভব লক্ষ্যে নেমে চতুর্থ দিনে ১৬৫ রানেই গুটিয়ে যায় রাজশাহীর দ্বিতীয় ইনিংস।

লড়াকু মেজাজে মেহেরব হোসেনের ৯১ রান কেবল হারের ব্যবধান কমায়। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ দ্বিতীয় ইনিংসেও পান ফাইফারের দেখা। ৭২ রান খরচায় নেন ৫ উইকেট। প্রথম শ্রেণিতে ক্রিকেটে নাসুমের এটি ১৫তম ফাইফার এবং ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেয়ার কীর্তি। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে সিলেট। চট্টগ্রামে ইনিংস হারের চোখরাঙানি এড়ানোর পর ময়মনসিংহের কাছে হারে বরিশাল। তরুণ ওপেনার জাওয়াদ আবরারের ২৪৪ বলে খেলা ধৈর্যশীল ১০৮ ও উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহর ৫২ রানে ভর করে ইনিংস হার এড়ায় তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই জাওয়াদের ক্যারিয়ারের প্রথম শতক। তবে শেষ ইনিংসে ময়মনসিংহের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭ রান। বিনা উইকেটে টার্গেট ছুঁয়ে ফেলে ময়মনসিংহ। এই জয়ে ছয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠলো ময়মনসিংহ। আর ৪ পয়েন্ট নিয়ে তলানিতে বরিশাল।

জাতীয় ক্রিকেট লীগ

আরও পড়ুন

  • লড়াইটা দুই দলের প্রবাসীদেরও – MZamin
  • আবাহনীর পতাকায় চিরবিদায় হারুনের – MZamin
  • ‘উন্মাদনা অনেক হয়েছে, এখন জিততে হবে’ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন