আবাহনীর পতাকায় চিরবিদায় হারুনের – MZamin
আবাহনীর পতাকায় চিরবিদায় হারুনের – MZamin
0:00 0:00

আবাহনীর পতাকায় চিরবিদায় হারুনের – MZamin

খেলা
আবাহনীর পতাকায় চিরবিদায় হারুনের – MZamin
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১:০৯ পিএম

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের জীবনে দীর্ঘ অধ্যায় জুড়ে ছিল আবাহনী স্পোর্টিং ক্লাব। তার হাত ধরে শুরু হয়েছিল আবাহনী ক্লাবের পথচলা। তিলে তিলে পরিশ্রম করে গড়ে তোলা সেই ক্লাবের প্রাঙ্গণে হয় বিদায়যাত্রা। সাবেক ফুটবলার, সংগঠক ও সাধারণ মানুষের উপস্থিতিতে আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের জানাজায় ক্লাব প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। যে ক্লাবের লোগো নিজ হাতে এঁকেছিলেন, ৭৭ বছর বয়সে সেই ক্লাবের পতাকা গায়ে জড়িয়ে চিরবিদায় নেন হারুনুর রশীদ। গত সোমবার মধ্যরাতে না ফেরার দেশে চলে যান দেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম এই পথপ্রদর্শক। কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন হারুনুর রশীদ। জানাজার আগেই ক্লাবে জড়ো হতে থাকেন সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাধারণ মানুষ।

জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। ১৯৭৭ সালে ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় আবাহনী। সেই সময় ক্লাবটির অধিনায়ক ছিলেন শেখ আশরাফ আলী। জানাজায় এসে তিনি বলেন, ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক। ক্লাবের সুখে-দুঃখে বরাবরই তিনি পাশে ছিলেন। ক্লাবটি দাঁড় করিয়ে রেখেছিলেন হারুন ভাই। ক্লাবে অনেক কর্মকর্তাই এসেছেন, কিন্তু হারুন ভাইয়ের অবদান সবার চেয়ে বেশি, ১০০ ভাগ।’ মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরও আসেন শেষ শ্রদ্ধা জানাতে। তিনি বলেন, ‘হারুন ভাইয়ের মতো এত বিনয়ী সংগঠক আমার জীবনে দেখিনি। এমন সংগঠক হারানো বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট ক্ষতি।’ কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম স্মৃতি হাতড়ে ফিরে যান স্বাধীনতার পরের দিনগুলোতে। তিনি বলেন, ‘স্বাধীনতার পর আমাদের ক্রীড়াঙ্গন ও সমাজ গঠনে যে ভূমিকা রেখে গেছেন হারুন ভাই- তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এমন দক্ষ ক্রীড়া কর্মকর্তা আর নিরহংকার মানুষ পাওয়া বিরল।’ সংগঠক ফজলুর রহমান বাবুলের কণ্ঠেও ছিল একই সুর। তিনি বলেন, ‘হারুন ভাই ছিলেন গোটা ক্রীড়াঙ্গনেরই অভিভাবক।’ আবাহনীর সাবেক ফুটবলার ও সাবেক ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘মৃত্যুর সময় আমি তার পাশেই ছিলাম। হারুন ভাই বলতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজনই ছিলেন। ক্রীড়াঙ্গনে আরেকজন হারুন ভাই আর পাওয়া যাবে কি না- সংশয় আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যা কিছু করা দরকার, সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন।’ শুধু আবাহনী নয়, দেশের ফুটবলের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পেছনেও ছিল হারুনুর রশীদের বড় ভূমিকা। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ছাড়া ছিলেন ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি। আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তার পদচারণা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার এবং এএফসি’র মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’। ১৯৭১ সালে আবাহনীর প্রতিষ্ঠাকালে হারুনুর রশীদ ছিলেন সাধারণ সম্পাদক। ১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাবের নাম বদলে হয় আবাহনী ক্রীড়া চক্র। ক্লাবের ঐতিহ্যবাহী লোগোটি তার হাতে তৈরি। জাতিসংঘের পতাকার রংয়ে অনুপ্রাণিত হয়ে দুই পাশে লতাপাতার বেষ্টনী দিয়ে নিজেই লোগোটি নকশা করেছিলেন তিনি।