সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তারা ভুয়া পরিচয়পত্র খুলে বিভিন্নভাবে সরকারেরও ক্ষতি করছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, এ সমস্যায় শুধু সংসদ সদস্যরাই নন, সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যা সমাধানে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডিআরইউ, বিএফইউজে, ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ নেওয়া হচ্ছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এসব সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সাংবাদিকদের সংগঠনগুলো প্রস্তাব দিলে তা ভালো হবে বলে আমরা মনে করি। কারণ, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়। আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’