Logo
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ছয় বছর পর শিরোপার খুব কাছে খুলনা - MZamin

ছয় বছর পর শিরোপার খুব কাছে খুলনা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে শেষ দিনের রোমাঞ্চে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। সহজ জয়ের সমীকরণ হঠাৎ কঠিন হয়ে উঠলেও শেষ পর্যন্ত সিলেটের বিপক্ষে ১ উইকেটের জয় পায় তারা। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সাদিকুর রহমান। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। একই রাউন্ডে জয়ের হাসি ফুটেছে খুলনা ও রংপুরের মুখেও। তবে ব্যক্তিগত অর্জনের খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ঢাকার আশিকুর রহমান শিবলি ও বরিশালের মোহাম্মদ আবদুল্লাহকে।

সিলেটের বিপক্ষে ম্যাচের শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০১ রান। দিনের শুরুতে শাহ পরান ও শাহাদাত হোসেন দ্রুত ফিরে গেলেও সাদিকুর রহমান ও ইয়াসির আলি চৌধুরীর ব্যাটে জয়ের পথেই ছিল দল। ইয়াসির ২৩ বলে ৩০ রান করে ফিরলে শুরু হয় বিপর্যয়। পরপর উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে চট্টগ্রাম। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন সাদিকুর। ৩৪ বছর ছুঁইছুঁই বাঁহাতি এই ওপেনার ৫ চার ও ১ ছক্কায় পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। ১০০ রান করেই নাসুম আহমেদের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তখন জয় থেকে ১৭ রান দূরে চট্টগ্রাম। শেষ উইকেটে আশরাফুল হাসান ও সঞ্জিত মজুমদার আর কোনো বিপদ হতে দেননি। আশরাফুলের গুরুত্বপূর্ণ ১৫ রানের ইনিংসে নিশ্চিত হয় চট্টগ্রামের জয়। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে সিলেটের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন নাসুম। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চট্টগ্রাম।
নিজেদের মাঠ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। শেষ দিনে জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য পেয়ে স্বাগতিকদের তেমন বেগ পেতে হয়নি। এনামুল হকের ৮০ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা।

অন্যদিকে প্রথম চার ম্যাচ ড্র করা ময়মনসিংহের এটি প্রথম হার। ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম। পঞ্চম রাউন্ডে এসে চলতি লীগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। বগুড়ায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছে তারা। রাজশাহীর দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দিয়ে জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য পায় রংপুর। রান তাড়ায় মিম মোসাদ্দেকের ৬১ এবং রিশাদ হোসেনের ১৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত হয়। পাঁচ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রংপুর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রাজশাহী। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুইদিন খেলা না হওয়ায় ঢাকা-বরিশাল ম্যাচটি শেষ হয় ড্রয়ে।

তবে ব্যক্তিগত অর্জনের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে দুই ব্যাটসম্যানকে। বরিশালের মোহাম্মদ আবদুল্লাহ ৯৪ রান করে তাইবুর পারভেজের বলে আউট হন। অন্যদিকে ঢাকার আশিকুর রহমান শিবলি ১৬২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৯ রান করেন। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে ইফতেখার হোসেনের দুর্দান্ত ক্যাচে থামে তার ইনিংস। পাঁচ ম্যাচে এক জয় ও চার ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা। আর দুই ড্রয়ে ৮ পয়েন্ট পাওয়া বরিশাল রয়েছে টেবিলের তলানিতে।

আরও পড়ুন

  • হ্যান্ডবলে আন্তর্জাতিক রেফারি ব্যাজ পেলেন শান্ত ও আলমগীর – MZamin
  • সিলেটে বাঁচবে কি ‘ফাইনাল স্বপ্ন’ – MZamin
  • বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন