Logo
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ঋতুপর্ণাদের কোচ বাটলার অসুস্থ, বিকল্প খুঁজছে বাফুফে - MZamin

ঋতুপর্ণাদের কোচ বাটলার অসুস্থ, বিকল্প খুঁজছে বাফুফে – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রধান কোচ পিটার বাটলারের গুরুতর অসুস্থতার কারণে এই সিরিজে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন ৬০ বছর বয়সী এই কোচ। তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে পরিস্থিতি বিবেচনায় বিকল্প কোচের কথাও ভাবছে ফেডারেশন। জানা গেছে, বাটলারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পেতে পারেন ফরাসি কোচ ও উয়েফা লাইসেন্সধারী এরিক মেয়ার।

এই সিরিজকে সামনে রেখেই এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়ার আলোচনা অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে। তবে সিঙ্গাপুর সফরের পরও তিনি দায়িত্বে থাকবেন কি না- তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে পিটার বাটলারের শারীরিক অবস্থার ওপর। সিঙ্গাপুর সিরিজের প্রস্তুতি অবশ্য চলছে পরিকল্পনা অনুযায়ী। নিবিড় অনুশীলনের জন্য গত ৩০শে অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামে যায় বাংলাদেশ দল। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এরপর ১৭ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন নারী ফুটবলাররা। একদিন বিরতি দিয়ে ১৯শে নভেম্বর থেকে একই ভেন্যুতে আবারো নিয়মিত অনুশীলন করার কথা মেয়েদের। ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব পেয়েছিলেন পিটার বাটলার। তার অধীনেই দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আরও পড়ুন

  • শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাবরের কণ্ঠে আশাবাদ – MZamin
  • ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ ক্যারিবীয়দের – MZamin
  • এমএলএসে ইতিহাস গড়লেন সুলিভান ভাইয়েরা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন