এমএলএসে ইতিহাস গড়লেন সুলিভান ভাইয়েরা – MZamin
যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) অনন্য এক নজির গড়লেন কুইন ও কাভান সুলিভান। টরন্টো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন ১৭ বছর বয়সী কাভান এবং বড় ভাই কুইন করেন এক গোল। এমএলএসের ইতিহাসে একই ম্যাচে একই ক্লাবের হয়ে দুই ভাইয়ের গোল করার বিরল রেকর্ডে এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে এই কীর্তি গড়েন গনসালো ও ফেদেরিকো হিগুয়েইন এবং দিয়েগো ও ইমি চারা জুটির ফুটবলাররা।
শনিবার রাতে ফিলাডেলফিয়া ও টরন্টোর এই ম্যাচটি ছিল সুলিভানময়। ম্যাচের ২৮ মিনিটে কুইনের চমৎকার ক্রসে গড়া আক্রমণে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন কাভান। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বড় ভাই কুইন সুলিভান। প্রথমার্ধের যোগ করা সময়ে টরন্টোর জশ সার্জেন্ট এক গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফিলাডেলফিয়া।
বিরতির পর মাঠে ফিরে ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি আদায় করেন কাভান। ব্রুনো দামিয়ানির হেডে বল পেয়ে পাল্টা আক্রমণ শানান কুইন। তার নিখুঁত পাস থেকে গোলকিপারকে নাটমেগ করে (পায়ের নিচ দিয়ে) জাল খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড। এই জোড়া গোলের সুবাদে এমএলএসে কিশোর ফুটবলারদের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন কাভান। নিয়মিত মৌসুমে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টসহ মোট ২৩টি গোলে অবদান রাখলেন তিনি, যা ২০১৩ সালের পর রেকর্ড বইয়ে নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে।
পরে ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফিলাডেলফিয়ার ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন ব্রুনো দামিয়ানি। এই জয়ের ফলে ৫০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করলো ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক্লাব ইতিহাসে দশমবারের মতো এমএলএস কাপ প্লে-অফে জায়গা করে নেয়া দলটি প্লে-অফের প্রথম রাউন্ডে তৃতীয় বাছাই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মুখোমুখি হবে।
এদিকে, ক্লাব ফুটবলের এই দারুণ পারফরম্যান্সের সুবাদে আসন্ন নভেম্বর উইন্ডোর যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্কোয়াডেও নিজের জায়গা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা কাভান সুলিভান। রঙিন পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে সুলিভান ভাইদের এই অর্জন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের জন্যও আনন্দের খোরাক জুগিয়েছে।
আপনার মতামত লিখুন