Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার

ডেস্ক রিপোর্ট।।

সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো—ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য। আমি প্রত্যাশা করি, এই সংসদের প্রতিটি কার্যক্রমে আমরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেব এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করব।

সূচনা বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

স্পিকার বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি ও পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ–অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংগঠিত এই গণ–অভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন স্পিকার।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন
  • সাবেক চার সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
  • অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানালেন আইজিপি

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন