Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানে সার্বক্ষণিক নজরদারি ও সতর্ক সংকেত পাঠাতে ব্যবহৃত হবে স্যাটেলাইট। ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে জেলেদের সুরক্ষায় স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা গড়ছে সরকার, খরচ ৬০০ কোটি

ডেস্ক রিপোর্ট।।

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্যোগ কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তিসম্পন্ন স্যাটেলাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

২০২৮ সালের মধ্যে এই সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিএসসিএল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার বিস্তৃত সমুদ্রসীমায় নিয়মিত নজরদারি চালানো বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ।

এই সংকট কাটাতে চারটি ‘লো আর্থ অরবিট’ (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং দেশের নিজস্ব সার্ভার অবকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে নৌযানের গতিবিধি সংক্রান্ত সংবেদনশীল তথ্য দেশেই সংরক্ষণ করা সম্ভব হবে এবং বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমবে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রস্তাবিত নতুন ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের ‘রিভিজিট টাইম’ নিশ্চিত করা হবে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় একটি স্যাটেলাইটের পর্যবেক্ষণের সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে পুনরায় নজরদারির সুযোগ তৈরি হবে।

উপকূল থেকে বহু দূরে গভীর সমুদ্রে গেলে মাছ ধরার নৌযানগুলো সাধারণত মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে ঝড় বা দুর্ঘটনায় পড়লে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে দীর্ঘ সময় অনুসন্ধান চালাতে হয়।

নতুন এই প্রযুক্তির আওতায় এআইএস-যুক্ত নৌযানগুলোর সুনির্দিষ্ট অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যাবে, যা উদ্ধার তৎপরতাকে বহুগুণ গতিশীল করবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাবে, নৌযানের যাত্রাপথ সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমবে এবং একটি নৌযান প্রতি যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারবে। এর ফলে জাতীয় পর্যায়ে বছরে মোট সাড়ে চার কোটি লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

এই ব্যবস্থা চালু হলে কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরা হচ্ছে এবং কোনো নৌযান নির্ধারিত সীমা লঙ্ঘন করছে কি না—তার একটি দীর্ঘমেয়াদি ডেটাভান্ডার তৈরি হবে। এটি অবৈধ ও অতিরিক্ত মাছ আহরণ রোধে সহায়ক হবে।

তবে কর্মকর্তারা বলেছেন, এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রের নিচে মাছের অবস্থান শনাক্ত করে না; বরং এটি নৌযানের অবস্থান ও পরিচয় জানায়। পানির তাপমাত্রা, ক্লোরোফিল ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণকারী রিমোট সেন্সিং প্রযুক্তির সঙ্গে এআইএস-এর তথ্য সমন্বয় করা গেলে ভবিষ্যতে বঙ্গোপসাগরে আধুনিক মৎস্য আহরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এর সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভারের মাধ্যমে ব্যবস্থাপনা করা যাবে। এটি কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং জেলেদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি বড় পদক্ষেপ।’

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন চূড়ান্ত হওয়ার পর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
  • ‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’
  • ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনে নজরদারি

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন