ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনে নজরদারি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
আজ শনিবার বিজিবির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এসব শিল্পাঞ্চলে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে উল্লেখ করে বিজিবি জানায়, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন