মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব
মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব
0:00 0:00

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব

বিনোদন
মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব

ক্যাটরিনা কাইফ। ভোগ ইন্ডিয়ার এক্স থেকে

নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ২:২১ এএম

‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ ‘ফিরে আসব? কোথা থেকে?’ ২৮ অক্টোবর প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে ক্যাটরিনা এ প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিহানকে জন্ম দেওয়ার পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাব দিতেই এমন কথা বলেছেন অভিনেত্রী।

উৎসবের ছবি থেকে শুরু কটাক্ষ
গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর দীর্ঘ বিরতি শেষে এটিই ছিল তাঁর উল্লেখযোগ্য জনসমক্ষে উপস্থিতিগুলোর একটি। কিন্তু উৎসবের সাজ ও উপস্থিতি নিয়ে আলোচনার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের মনোযোগ আটকে যায় তাঁর শরীরের পরিবর্তনে।

ক্যাটরিনার আগের ছবি ও সাম্প্রতিক ছবির তুলনা করে নানা কোলাজ ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, কেউ আবার চেহারার পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেন। এমনকি তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়। অথচ অভিনেত্রী তখন সন্তান জন্ম দিয়েছেন এক বছরেরও কম সময় আগে।

যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়াও দেখা যায়। অনেক নারী প্রশ্ন তোলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীর নিয়ে এমন মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে? ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষের প্রতিবাদ করতে গিয়ে অনেকে নারীর শরীরকে বিচার করার এই প্রবণতার বিরুদ্ধেও কথা বলেন।

কী বললেন ক্যাটরিনা
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছেন, সন্তান জন্মের পর নিজের শরীর নিয়ে মানুষের মন্তব্য তাঁকে ঘিরে আলোচনার বড় অংশ হয়ে উঠুক, তা তিনি চান না; বরং মাতৃত্বের এই সময়টুকু উপভোগ করতে চান। নিজের শরীরের সুস্থতা ও কর্মক্ষমতার দিকে নজর রাখছেন তিনি, তবে অন্যের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের গতিতে।

‘আমি আমার ফিটনেসের যাত্রা সম্পর্কে খুব সচেতন। আমার শরীর কখন সবচেয়ে বেশি কর্মক্ষম ও উদ্যমী বোধ করে, সেটাও জানি। আমি নিজের গতিতেই সেখানে পৌঁছাব,’ বলেছেন ক্যাটরিনা।

সাক্ষাৎকারে ক্যাটরিনা আরও বলেন, সন্তান তাঁর জীবনের গভীর একটি আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণের পর এখন জীবনের এই পর্যায়ের আনন্দ এবং সামনে কী অপেক্ষা করছে, সেদিকে মনোযোগ দিতে চান তিনি। চেহারা নিয়ে আলোচনা যেন তাঁর জীবনের বড় অংশ দখল করে না নেয়, সেটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

ভিকি কৌশল কেমন বাবা?
সাক্ষাৎকারে স্বামী ভিকি কৌশলকে নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। তাঁর কাছে ভিকি শুধু একজন ভালো স্বামী নন, ছেলেরও অসাধারণ বাবা। কাজের ব্যস্ততা থাকলেও স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে ভিকির উপস্থিতিকে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

ক্যাটরিনার ভাষায়, ভিকির একটি ‘সুপারপাওয়ার’ আছে—তিনি যখন তাঁর ও ছেলে ভিহানের সঙ্গে থাকেন, তখন পুরোপুরি তাঁদের সঙ্গেই থাকেন। অর্থাৎ কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে কাটানো সময়টুকুতে মনোযোগ ধরে রাখতে পারেন ভিকি।
সন্তান জন্মের পর দম্পতির ব্যক্তিগত সময় কাটানোর ধরনও বদলে গেছে। আগে যে রোমান্টিক ডিনার কিংবা একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করা যেত, এখন সেসবের অনেক কিছুই হচ্ছে গাড়ির পেছনের আসনে বসে। ছোট ছোট এই মুহূর্তই এখন তাঁদের কাছে একসঙ্গে সময় কাটানোর উপায়।

পর্দায় প্রথমবার চুম্বন দৃশ্য, শুনে কী বলেছিলেন ক্যাটরিনা

ভিকি ক্যাটরিনাকে মনে করিয়ে দেন, সবকিছুরই নিজস্ব সময় আছে। কথাটি ক্যাটরিনার বর্তমান জীবনযাত্রার সঙ্গেও মিলে যায়। মাতৃত্ব, ব্যক্তিগত সময় কিংবা কাজে ফেরার সিদ্ধান্ত, কোনোটির জন্যই নির্দিষ্ট সময়সীমার চাপ নিতে চান না তিনি।

এখনই সিনেমায় ফিরছেন না ক্যাটরিনা
মাতৃত্বের পাশাপাশি নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। তবে আপাতত সিনেমায় ফেরার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই তাঁর। নতুন কোনো চরিত্রে অভিনয়ের আগে এমন কিছু করতে চান, যা তাঁকে অভিনয়ের ভিন্ন একটি স্তরে নিয়ে যাবে।
বিশেষ করে খলনায়িকার চরিত্রে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক, অ্যাকশন ও কমেডি—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার পর্দায় নেতিবাচক চরিত্রের জটিলতা অনুসন্ধানের ইচ্ছা তাঁর।