৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ
ফাইল ছবি
ঢাকার দুই সিটিসহ দেশে ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন রিটটি দায়ের করেন। বাকি আইনজীবীরা হলেন-জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. আল মুত্তাকী বিল্লাহ, মো. ইসমাঈল হোসেন ও সাইফুল্লাহ খালেদ। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ৬ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
রিটে ৩০ দিনের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের আগ পর্যন্ত জেলা প্রশাসকদের দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে বিএনপির ছয় নেতাকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন