বিচারকদেরকে মন্ত্রী–প্রতিমন্ত্রীর একান্ত সচিব করায় রুল
ফাইল ছবি
দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ দেওয়ায় রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের বেঞ্চ এই রুল জারি করেন। ওই নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
একই সঙ্গে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে নিয়োগ করা থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আইন সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিনজন সদস্যকে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়নের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুল হক খোকন রিটটি দায়ের করেন।
ওই আবেদনটি গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য উঠলে কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর অবকাশ শেষে এই বেঞ্চে উপস্থাপন করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। সঙ্গে ছিলেন মিয়া মোহাম্মদ ইশতিয়াক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আপনার মতামত লিখুন