আইপিএলে নাম লেখানোর গুঞ্জনে জল ঢাললেন মোহাম্মদ আমির – MZamin
সম্প্রতি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছিল নতুন গুঞ্জনÑ তবে কি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) দেখা যাবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে? বৃটিশ পাসপোর্টের সুবাদে ভারতীয় জনপ্রিয় লীগে খেলার পথ উন্মুক্ত হলেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমির স্পষ্ট জানিয়ে দিয়েছেন- আপাতত আইপিএল নিলামে নাম তোলার কোনো ইচ্ছাই তার নেই।
দুবাই থেকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে পাঠানো এক খুদেবার্তায় ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার সাফ জানিয়ে দেন, ‘না, আমি আইপিএল নিলামের জন্য নিবন্ধন করছি না।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) ড্রাফটে বৃটিশ নাগরিক ও ইংলিশ ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধন করার পরই আমিরকে নিয়ে আইপিএলে খেলার এই আলোচনা শুরু হয়। ২০০৮ সালের প্রথম আসরের পর রাজনৈতিক জটিলতায় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লীগে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। তবে অতীতে বৃটিশ পাসপোর্টের সুবাদে আজহার মাহমুদ আইপিএলে খেলার সুযোগ পান। আমিরের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কারণ, বৃটিশ নাগরিকত্ব পাওয়ার সুবাদে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তিনি এখন ‘স্থানীয় খেলোয়াড়’ হিসেবে খেলেন। এর আগে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় কোটাতেই খেলেন তিনি।
আসন্ন আইপিএলের মেগা নিলাম আগামী ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঘোষণা অনুযায়ী, নিলামে অংশ নিতে ইচ্ছুক ক্রিকেটারদের নিজ নিজ দেশের বোর্ডের মাধ্যমে আগামী ২৩শে নভেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। সেই হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকলেও আমির সেই পথে হাঁটছেন না।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই পেসার। পাকিস্তানের জার্সিতে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলে মোট ২৭১টি উইকেট শিকার করেন তিনি। জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে নিয়মিত মুখ আমির।
আপনার মতামত লিখুন