বাংলাদেশকে আড়াইশ’তে আটকাতে চায় ক্যারিবীয়রা – MZamin
বাংলাদেশকে আড়াইশ’তে আটকাতে চায় ক্যারিবীয়রা – MZamin
0:00 0:00

বাংলাদেশকে আড়াইশ’তে আটকাতে চায় ক্যারিবীয়রা – MZamin

খেলা
বাংলাদেশকে আড়াইশ’তে আটকাতে চায় ক্যারিবীয়রা – MZamin
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৬, ১:৩৬ পিএম

প্রথম ইনিংসে সফরকারীদের করা ৩৫৬ রানের জবাবে ৩ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ২৬৮ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। আর তৃতীয় দিনে বাংলাদেশকে আড়াইশ’ রানে বেঁধে ফেলতে চায় ড্যারেন স্যামির শিষ্যরা। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু গতকাল সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশকে ২৫০ রানের নিচে আটকে দিতে চাই। উইকেট ধীরে ধীরে ব্যাটিংবান্ধব হয়ে আসছে। বাংলাদেশের পেসারদের কৃতিত্ব দিতেই হবে, ওরা এই উইকেটে ভালো বল করেছে। সেট হয়ে যাওয়ার পর ব্যাটারদের আউট করা কতটা কঠিন, তা এখন দেখাই যাচ্ছে।’ জাঙ্গুর কথাতে স্পষ্ট উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। কোনো ব্যাটার সেট হয়ে গেলে বিপদ। ক্যারিবীয়দের প্রথম ইনিংস এমন কিছুই ইঙ্গিত দেয়। ২৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে অনেকটা সফরকারীদের মতো।

৫১ রানে তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। সেখান থেকে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকের রহীম। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ধৈর্য্যের পরীক্ষা দেন দু’জন। চতুর্থ উইকেট অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েন তারা। এ রান করতে খেলেন ১০৪ বল। তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররা যে লড়াইয়ে ফিরতে পারেন সেই ভয়ও আছে জাঙ্গুর। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের জন্য লড়াইটা সহজ নাও হতে পারে। ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমাদের মূল কাজ হবে ধারাবাহিকভাবে চাপ বজায় রাখা। বেশি কিছু করতে গিয়ে লাইন-লেংথ হারালে চলবে না। কারণ ওরা দ্রুত রান তুলতে পারে। তাই আমাদের ধৈর্য ধরে বোলিং করে যেতে হবে, আশা করি দ্রুতই উইকেটের দেখা পাবো।’ সিলেট টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩৩৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার আগে হাতে ছিল ৬ উইকেট।

স্বাভাবিকভাবে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের লক্ষ্যটা চারশোর বেশি ছিল। যদিও সেটা হতে দেননি হাসান মাহমুদ। ডানহাতি এই পেসার দ্বিতীয় দিনে একাই নেন ৪ উইকেট। চারশো রানের বেশি করতে না পারায় কিছুটা হতাশ হলেও সাড়ে তিনশো ছোঁয়ায় খুশি ক্যারিবীয়রা। জাঙ্গু বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৪০০ রানের বেশি করা। সেদিক থেকে বলতে গেলে আমরা কিছুটা হতাশ। তবে বাংলাদেশ আসলেই চমৎকার বোলিং করেছে। আমরা জানতাম দ্বিতীয় নতুন বলটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দুর্ভাগ্যবশত আজ ইনিংসটা বেশিদূর টানা সম্ভব হয়নি। তারপরও ৩৫০-এর বেশি রান পাওয়ায় আমরা খুিশই থাকবে। এখন আগামীকালের (আজ) দিকেই নজর রাখছি।’