তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত
গত তিন বছরে ১৬ হাজারের বেশি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
সংরক্ষিত আসনের মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেক সংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময়ে যাদের সেপটিক ট্যাংক নেই বা অকার্যকর বা ডিএসসিসির ড্রেন লাইনের সঙ্গে সংযোগ আছে তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা ওয়াসার একটি জোনের ৮টি এটিএম বুথের নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করে একটিতে সহনীয় মাত্রার চেয়ে অধিক পিয়াস (পিইএএস)-এর জীবাণু পাওয়া গেছে বলে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেন। নমুনা সংগ্রহ বিষয়ে ঢাকা ওয়াসা অবগত হয়নি। ঢাকা ওয়াসার প্রায় তিন শ এটিএম বুথ রয়েছে।
১৫ বছরে ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল
গবেষণাটি এখনো কোথাও প্রকাশ হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করে অবগত হয়। পরে ওই গবেষক দল ও ওয়াসার সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকে সুইডেনের ল্যাবে পানির নমুনা পাঠিয়ে পুনঃপরীক্ষা করা হবে।
কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনকালীন প্রদত্ত শর্ত ও পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা, ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিল ইত্যাদি কারণে নিবন্ধন বাতিল হয় বলে মন্ত্রী জানান।
এক সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন খাতে সরকার দলীয় এমপিদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি। তিনি বলেন, সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, তাঁদের কাছে এমন কোনো সিদ্ধান্ত বা প্রতিবেদন আছে কি না, বিরোধী দলের সংসদ সদস্যদের কোনো ইউপিতে কোনো উন্নয়ন দরকার নেই, শুধু সরকার দলের এমপিদের আসনে উন্নয়ন দরকার?
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই। তিনি মহানগর থেকে নির্বাচিত।’ এ সময় আব্দুলাহ আল আমিন হাত তুলে থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, দুই-একটি বোধ হয় থাকতে পারে।
এ সময় বিরোধী দলের এমপিদের উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের (এলাকার) মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপি উন্নয়নের বরাদ্দ পত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’
এ সময় বিরোধী দলের এমপিদের পক্ষ থেকে কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হয়েন না।’
আপনার মতামত লিখুন