খাবারের মেন্যু অসন্তোষ ভারতীয় কোচ – MZamin
খাবারের মেন্যু অসন্তোষ ভারতীয় কোচ – MZamin
0:00 0:00

খাবারের মেন্যু অসন্তোষ ভারতীয় কোচ – MZamin

খেলা
খাবারের মেন্যু অসন্তোষ ভারতীয় কোচ – MZamin
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ৭:৪৪ এএম

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসে আতিথেয়তা বা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও, খাবারের মেন্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের কোচ নওশাদ মুসা। প্রতিদিন একই খাবার পরিবেশন করা এবং ম্যাচের পর খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না পাওয়ায় ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। বুধবার মালদ্বীপের বিপক্ষে ১–০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন ভারতীয় কোচ।

খাবারের সমস্যা নিয়ে নওশাদ বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র সমস্যা খাবার নিয়ে। আয়োজক হিসেবে আপনি তো কাউকে বলতে পারেন না, এটাই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে, যা মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়রা খুব বেশি খায় না। ম্যাচের পর তাদের ভালো ও পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, প্রতিদিন একই খাবার।’

তিনি আরও জানান, সমস্যার সমাধানে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ চলছে। সকালের নাশতার সমস্যার সমাধান হলেও দুপুর ও রাতের খাবার নিয়ে এখনো আলোচনা চলছে। তবে নিরাপত্তা নিয়ে ভারতের কোচের বক্তব্য সম্পূর্ণ ইতিবাচক। নওশাদ বলেন, ‘ফুটবলের ক্ষেত্রে বাইরে কী হচ্ছে, তা দেখার জন্যও বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছি না। ম্যাচের দিন কিংবা যেদিন খেলা থাকে না, সব সময় আমাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকে। যাতায়াতের সময় কনভয়ও থাকে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। সবকিছু ঠিকঠাক আছে।’ মজার ছলে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ না পাওয়ার বিষয়টিও তুলে ধরে তিনি জানান, সারাদিন হোটেলেই কাটাতে হচ্ছে তাঁদের।

মালদ্বীপকে ১–০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও দল গঠনে নানা প্রতিকূলতার কথা জানান নওশাদ। প্রথম ম্যাচে খেলা পাঁচজন ফুটবলার দেশে ফিরে গেছেন এবং নতুন করে যোগ দিয়েছেন ১০ জন। তাদের নিয়ে অনুশীলনের সুযোগ মিলেছে মাত্র দুই দিন। সেমিফাইনালে বাংলাদেশ নাকি ভুটান প্রতিপক্ষ হিসেবে চান—এমন প্রশ্নে নির্দিষ্ট কোনো দলের নাম না নিয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। টুর্নামেন্ট জয়ের বিষয়ে বাস্তববাদী কোচ মনে করেন, নির্দিষ্ট দিনে দল ও খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরই সব নির্ভর করছে। এছাড়া মোহনবাগানের রিজার্ভ দল থেকে উঠে আসা তরুণ গোলরক্ষকের চাপের মুখে শান্ত থাকা এবং দারুণ সব সেভের ভূয়সী প্রশংসা করেন নওশাদ।​

সাফ চ্যাম্পিয়নশিপ