ক্যাম্প ন্যুতে সমর্থকদের ‘শেষ ঠিকানা’ – MZamin
ক্যাম্প ন্যুতে সমর্থকদের ‘শেষ ঠিকানা’ – MZamin
0:00 0:00

ক্যাম্প ন্যুতে সমর্থকদের ‘শেষ ঠিকানা’ – MZamin

খেলা
ক্যাম্প ন্যুতে সমর্থকদের ‘শেষ ঠিকানা’ – MZamin
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৫:৩৩ এএম

ক্যাম্প ন্যুতে এবার চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাবেন বার্সেলোনার সমর্থকেরা। প্রিয় ক্লাবের মাঠের কাছেই সংরক্ষিত থাকবে তাদের শেষ স্মৃতিচিহ্ন। তবে এই ‘পরকালীন সমর্থন’-এর জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।
ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো মৃত্যুকেও ছাড়িয়ে যায়। আর সেই আবেগকে এবার নতুন এক মাত্রা দিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। তাদের ঐতিহাসিক ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের অংশ হিসেবে চালু হচ্ছে বিশেষ স্মৃতিসৌধ—‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’। সেখানে সমর্থকরা মৃত্যুর পর তাদের দেহভস্ম সংরক্ষণের সুযোগ পাবেন।

পরিকল্পনা অনুযায়ী, এই স্মৃতিসৌধে থাকবে মোট ২৬ হাজার বিশেষ কক্ষ বা ‘নিশ’। প্রতিটি কক্ষে রাখা যাবে একজন সমর্থকের দেহভস্ম। ১০ বছরের জন্য জায়গা সংরক্ষণ করতে খরচ হবে ২ হাজার ৪৯০ ইউরো বা প্রায় ৪ লাখ টাকা। ৫০ বছরের জন্য দিতে হবে ৬ হাজার ইউরো (প্রায় সাড়ে ৮ লাখ টাকা)। আর আজীবনের জন্য জায়গা নিশ্চিত করতে প্রয়োজন ১০ হাজার ইউরো (প্রায় ১৪ লাখ টাকা)। এর বাইরে প্রতিবছর রক্ষণাবেক্ষণ বাবদ দিতে হবে ৭০ ইউরো। স্মারক ফলকের জন্য অতিরিক্ত ৪৯০ ইউরো খরচ হবে।

ক্লাবটির প্রাতিষ্ঠানিক ভাইস প্রেসিডেন্ট মারিয়া এলেনা ফোর্ট জানান, তার দাদার স্বপ্ন ছিল মৃত্যুর পরও বার্সেলোনার মাঠের পাশে শায়িত থাকা, যাতে পরকাল থেকেও দলের গোল উদ্যাপন শুনতে পারেন। অনেক সমর্থকের মনেও এমন স্বপ্ন রয়েছে।

স্থপতি কিকে মনতোয়ার নকশায় তৈরি হবে চারটি আলোকসজ্জিত চত্বর। থাকবে এলইডি আলোয় সজ্জিত কাচের দেয়ালে স্মারক ফলক। পেছনে সংরক্ষিত থাকবে দেহভস্মের পাত্র। দেয়ালজুড়ে ফুটে উঠবে ক্লাবটির ১২৫ বছরের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো। ইতিমধ্যে এক হাজারের বেশি সমর্থক জায়গা নিশ্চিত করেছেন।

তবে এই উদ্যোগের পেছনে আবেগের পাশাপাশি রয়েছে বড় অর্থনৈতিক বাস্তবতা। ক্যাম্প ন্যুর সংস্কার ব্যয় ৯০০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে প্রায় ২ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। নির্মাণকাজে বিলম্ব, শ্রমিকদের বকেয়া এবং বিভিন্ন বিরোধের কারণে প্রকল্পটি বারবার বাধার মুখে পড়েছে।