ইউনাইটেডের ডাক, যুক্তরাষ্ট্র ছাড়তে গিয়ে চোখে জল পচেত্তিনোর – MZamin
ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্ব পাওয়ার সুযোগ ক্যারিয়ারে বারবার আসে না। তাই যুক্তরাষ্ট্র জাতীয় দলের সঙ্গে আবেগঘন সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তই নিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। তবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন এই কোচ। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তই ছিল ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন’।
ইউনাইটেডের নতুন প্রধান কোচ হিসেবে মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হয়েছেন পচেত্তিনো। ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গে চুক্তি করেছেন সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ। অথচ কয়েক মাস আগেই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান তিনি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিদায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পচেত্তিনো। তিনি বলেন, ‘এক দিক থেকে এটি অত্যন্ত দুঃখের সিদ্ধান্ত। অন্যদিকে আমরা পেশাদার। নিজের স্বপ্ন পূরণের পথে এটি পরবর্তী পদক্ষেপ।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন ও দেশটির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটেছে। রোববার বিকালের মধ্যেই যোগাযোগ হয়। আপনারা সব সময় স্বচ্ছ ছিলেন এবং একসঙ্গে কিছু গড়ে তোলার চেষ্টা করেছেন। এই অসাধারণ দেশ ও মানুষগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
কেন যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ। তার মতে, ইউনাইটেডের মতো ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করা সহজ নয়। পচেত্তিনো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের সুযোগ ক্যারিয়ারে খুব বেশি আসে না। এমন সুযোগ সামনে এলে তা ফিরিয়ে দেয়া কঠিন।’
তবে নতুন দায়িত্বে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের হয়ে হাইতির বিপক্ষে দুটি ম্যাচ শেষ করতে চান তিনি। আগামী ১৮ই নভেম্বর থেকে ইংলিশ জায়ান্টদের দায়িত্ব নেবেন পচেত্তিনো। জাতীয় দলের সঙ্গে দুই বছরের সম্পর্কের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক তৈরি হয়েছে, সেটির প্রতি অঙ্গীকার, সম্মান ও ভালোবাসা দেখানো জরুরি।’
এদিকে পচেত্তিনোর বিদায়ের মধ্যেও যুক্তরাষ্ট্রে তার নতুন করে অনুপ্রেরণা ফিরে পাওয়ার বিষয়টি সামনে এসেছে। স্কাই স্পোর্টসের সাংবাদিক কাভে সোলহেকলের দাবি, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসিতে হতাশার অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রে কাজ করে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই কোচ।
ইউনাইটেডে পচেত্তিনোর প্রথম বড় পরীক্ষা লিভারপুলের বিপক্ষে। আন্তর্জাতিক বিরতির পর মাত্র তিনটি অনুশীলন সেশন হাতে নিয়ে অ্যানফিল্ডে নামতে হবে নতুন কোচকে।
আপনার মতামত লিখুন