এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
আইডিইএসএইচআই’র এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: পিআইডি
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
জুবাইদা রহমান বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ গড়ে তোলাকে সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, জীববৈজ্ঞানিক ওষুধ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন