চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ – MZamin
উদ্বোধনী দিনেই মাঠে নামবে আটটি দল। সিলেট ও মুলপানিতে হবে দুটি করে ম্যাচ। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া। উদ্বোধনী দিনে আরব আমিরাতের বিপক্ষে খেলার পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে সিলেটে। ২৬ জানুয়ারি শেষ হবে প্রথম পর্বের খেলা।
প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে এই গ্রুপে আছে আয়ারল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখানে ছয়টি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের তিনটি করে দল খেলবে এক গ্রুপে। অন্য গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের তিনটি করে দল। সুপার সিক্সে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও শিরোপা জেতে ভারতের মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
আগের দুই আসরেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ। তবে একবারও সেমিফাইনালে খেলার সুযোগ পায়নি স্বাগতিকেরা। এবার ঘরের মাঠে সেই বাধা পেরিয়ে প্রথমবারের মতো শেষ চারে ওঠার লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের।
আপনার মতামত লিখুন