চার ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কাজাখস্তান – MZamin
ইরাকের সুলাইমানিয়াহতে চলমান এশিয়া কাপ আরচারিতে (ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২) সোনা জয়ের বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ, কম্পাউন্ড পুরুষ, কম্পাউন্ড নারী ও কম্পাউন্ড মিক্স টিম—এই চার দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ। কাকতালীয়ভাবে চার ফাইনালেই বাংলাদেশের মুখোমুখি হবে কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে একচেটিয়া ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলে ছিলেন সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। র্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় সরাসরি সেমিফাইনালে খেলে তারা। ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে এই দল। কম্পাউন্ড পুরুষ ইভেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩১-২১৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নেওয়াজ আহমেদ জুটি। আগামীকাল তারা কাজাখস্তানের বিপক্ষে সোনার লড়াইয়ে নামবেন। কম্পাউন্ড নারী দলগত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে পা রাখে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির দল। আজই অনুষ্ঠিত হবে এই ইভেন্টের ফাইনাল। এদিকে কম্পাউন্ড মিক্সড টিম সেমিফাইনালে বন্যা আক্তার ও নেওয়াজ আহমেদ জুটি ১৫৪-১৪১ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করে।
আপনার মতামত লিখুন