বাংলাদেশের চাপ নিয়ে স্যামির যে জবাব – MZamin
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। তবু চলতি চক্রের শেষ সিরিজে নিজেদের সেরাটা দিতে চান ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। বুধবার মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশকে চাপে রাখার পরিকল্পনা থাকলেও প্রতিপক্ষের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবতে রাজি নন স্যামি। তার মনোযোগ নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপর চাপ নিয়ে প্রশ্নের জবাবে স্যামি জানান, সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ সিরিজে খেলোয়াড়দের সর্বস্ব উজাড় করে দেয়ার বার্তা দিয়েছেন তিনি। স্যামি বলেন, ‘এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের শেষ সিরিজ। খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হলো, নিজেদের সর্বস্ব উজাড় করে দাও। এই চক্রে আমাদের সামনে আর সর্বোচ্চ ১০ দিনের টেস্ট ক্রিকেট বাকি। তাই মাঠে গিয়ে নিজেদের সবটুকু দিয়ে খেলতে হবে। যা কিছু তোমাদের অনুপ্রাণিত করে, সেটিকে কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করো।’ তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন ক্যারিবীয় কোচ।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাফল্য এবং দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের কথাও উল্লেখ করেন তিনি। স্যামি বলেন, ‘বাংলাদেশ এই বছর ভালো ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ায় গিয়ে দারুণ করেছে, তাদের আত্মবিশ্বাসও ভালো। তাদের খেলোয়াড়রা ভালো পারফর্ম করছেন। আমার দলেও এই বছর অনেকে ভালো করেছে। এই সিরিজ নিয়ে আমি রোমাঞ্চিত। শেষ পর্যন্ত পাঁচদিনের ক্রিকেটে ব্যাট ও বলের লড়াই হবে, যেখানে দুই দলই জিততে চাইবে। আশা করি, জয় আমাদের পক্ষেই আসবে।’ ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের পর টেস্ট দল নিয়েও প্রত্যাশা বেড়েছে বলে মনে করেন স্যামি।
বাংলাদেশের ঘরের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তার দলকে। তবে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তিনি। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা এবং এ দেশের মানুষের ভালোবাসার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন ক্যারিবীয় কোচ। এদিকে, প্রস্তুতি ম্যাচের আগে চোটের সমস্যায় পড়া পেসার শামার জোসেফ অনুশীলনে ফিরেছেন। তার ফিটনেস নিয়ে আশাবাদী স্যামি। তিনি বলেন, ‘হ্যাঁ, সে সুস্থ। আজ নেটেও বেশ জোরে দৌড়েছে।’ তবে এই সিরিজে শাই হোপকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তার অনুপস্থিতিকে অন্য ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন স্যামি।
জাস্টিন গ্রিভস, জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ওয়ারিকান ও জেডেন সিলসের ওপর আস্থা রয়েছে তার। ক্রিকেটারদের চুক্তি নিয়ে চলমান আলোচনাও ড্রেসিংরুমে বড় কোনো প্রভাব ফেলছে না বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। তার প্রত্যাশা, মাঠের খেলায় মনোযোগ ধরে রেখে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাবে দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ না থাকলেও সিরিজ জয়ের লক্ষ্যেই মিরপুরে নামতে চান স্যামি।
আপনার মতামত লিখুন