রিশাদের পরে বিগ ব্যাশে মোস্তাফিজ – MZamin
রিশাদের পরে বিগ ব্যাশে মোস্তাফিজ – MZamin
0:00 0:00

রিশাদের পরে বিগ ব্যাশে মোস্তাফিজ – MZamin

খেলা
রিশাদের পরে বিগ ব্যাশে মোস্তাফিজ – MZamin
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ২:৪৬ পিএম

বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে খেলার অভিজ্ঞতা থাকলেও এতদিন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে (বিবিএল) ডাক পাননি পেসার মোস্তাফিজুর রহমান। অবশেষে সেই অপেক্ষা ফুরোচ্ছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাঁহাতি এই কাটার মাস্টার। তাকে দলে ভেড়ালো মেলবোর্ন রেনেগেডস। গতকাল ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ‘ডি-থ্রি ট্রফি’র খেলোয়াড় নিলাম চলাকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিলাম ড্রাফট চলাকালেই জানানো হয় মোস্তাফিজের বিগ ব্যাশে খেলার খবর। পরবর্তীতে বিসিবি সভাপতি তামিম ইকবালও নিশ্চিত করেন যে, রেনেগেডসের জার্সিতেই মাঠে নামবেন এই পেসার। বিগ ব্যাশে খেলার জন্য বিসিবি’র কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। বোর্ডও তাকে সেই সম্মতি দিচ্ছে। আগামী ১২ই ডিসেম্বর থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ষোড়শ আসর। তবে বিগ ব্যাশে খেলার কারণে এই সময়ে আয়োজিত ডি-থ্রি ট্রফির সম্পূর্ণ সময় মোস্তাফিজকে পাবে না তার দল সেভেন রিংস সিমেন্ট। নিলাম থেকে তারা মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নেয়।

কিন্তু বিগ ব্যাশে মোস্তাফিজের পূর্ণ এনওসি’র বিষয় থাকায় টুর্নামেন্টের শুরু থেকেই তাকে ছাড়া বিকল্প পরিকল্পনা সাজাতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মোস্তাফিজের আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি আসরে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব। এরপর গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে অভিষেক হয় রিশাদ হোসেনের। এবার রিশাদও দ্বিতীয় টানা মৌসুমের জন্য খেলতে যাচ্ছেন হোবার্টের হয়ে। রিশাদের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের মঞ্চ মাতাতে যাবেন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), পাকিস্তান সুপার লীগ (পিএসএল)সহ নামকরা সব ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে বেশ সুনাম কুড়িয়েছেন কাটার মাস্টার। ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজ। পরবর্তীতে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এবার বিগ ব্যাশে বোলিং জাদু দেখানোর সুযোগ তার সামনে।