বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় – MZamin
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় – MZamin
0:00 0:00

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় – MZamin

খেলা
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় – MZamin
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ২:৩৫ পিএম

এর আগে ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। ইন্দোনেশিয়ার সঙ্গে তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করার পর বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশেষে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল তারা।

প্রথম চার ম্যাচে দুটি হার ও দুটি ড্র। অবশেষে পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে ফিজিকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে এটিই বাংলাদেশের প্রথম জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল ডান প্রান্ত দিয়ে এগিয়ে নিয়ে গোল করেন বায়জিদ। প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায় বাংলাদেশ। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফাহিম। বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক প্রথমে ফিজির গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। পাঁচ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দুই গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিজি। কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। ১৯ ও ২১ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। তবে গোলের দেখা পাওয়ার আগেই ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে দলের এক ডিফেন্ডার। গোলকিপার বল ক্লিয়ার করতে এগিয়ে এলে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। ব্যবধান কমিয়ে ২-১ করে ফিজি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন বায়জিদ। ফিজির গোলকিপারের হাত গলে বল জালে জড়ালে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আকবর হোসেন রিদনের দল।