প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবে লেখক বাসুদেব পোদ্দারের লেখা পাঁচটি গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
ইতিহাসের দায় মেটাতে সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, বাংলাদেশকে পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গোষ্ঠী দীর্ঘ ১৮ বছর ধরে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সবার ওপরে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে লেখক বাসুদেব পোদ্দারের লেখা পাঁচটি গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এই অর্জনকে মিথ্যা ইতিহাস কিংবা অপব্যাখ্যার মাধ্যমে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে।
রাষ্ট্রকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে লেখকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
বই পড়া ও লেখালেখির চর্চা কমে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে আহমেদ আযম খান বলেন, ‘যখন কোনো সভ্যতার উন্মেষ ঘটে, তখন সেই সভ্যতাকে ধারণ করে নিজেদের সক্রিয়তা, কৃষ্টি, সংস্কৃতি ও জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু আমরা এখন এতটাই পরনির্ভরশীল হয়ে পড়েছি যে বই পড়া অনেকটা বন্ধই হয়ে গেছে, লেখালেখিও বন্ধ হয়ে গেছে। এটি আমাদের সময়ের একটি আক্ষেপের বিষয়।’ লেখক বাসুদেব পোদ্দারকে এই সময়ের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন