ঘরের মাঠে রেকর্ড গড়ে ভারতকে হারালো নিউজিল্যান্ড – MZamin
ভারতের বিপক্ষে সিরিজে টানা তিন হারের পর দুর্দান্ত এক জয় পেলো নিউজিল্যান্ড। অকল্যান্ডে গ্লেন ফিলিপসের সেঞ্চুরি ও মাইকেল ব্রেসওয়েলের ঝড়ো ফিফটির সুবাদে টি-টোয়েন্টিতে রেকর্ড পুঁজি গড়ে কিউইরা। পরে বোলারদের দারুণ পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিচেল স্যান্টনারের দল।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২৫৯ রান করে কিউইরা, এই সংস্করণে যা তাদের সর্বোচ্চ। ২০২২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৫৪ রান তাদের আগের রেকর্ড। ভারতের বিপক্ষেও টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটি। চলতি বছরই সাউথ্যাম্পটনে ২৫৭ রান করেছিল ইংল্যান্ড। এরপর ভারতকে ১৭২ রানে থামিয়ে ৮৭ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে রানের হিসেবে ভারতের বিপক্ষে যা তাদের সবচেয়ে বড় জয়। ২০১৯ সালে ৮০ রানের জয় ছিল আগের সেরা।
চারে নেমে এদিন ১০ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে ১০৭ রান করেন ফিলিপস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার তৃতীয় সেঞ্চুরি। নিউ জিল্যান্ডের হয়ে এই সংস্করণে এটা যৌথভাবে সর্বোচ্চ। তিনটি করে শতক আছে ফিন অ্যালেন ও কলিন মানরোর। দেশের হয়ে তৃতীয় টি-টোয়েন্টি ফিফটিতে ৬৫ রান করেন ব্রেসওয়েল। ২৫ বলের ইনিংসে ৬টি ছক্কা ও ৪টি চার মারেন তিনি। ফিলিপসের সঙ্গে তার ৪১ বলের জুটিতে আসে ১১৫ রান।
টানা তিন ম্যাচে হারের পর স্বাগতিকদের এই জয়ে অবদান কম নয় বোলারদের। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার জ্যাকব ডাফি। দুটি করে প্রাপ্তি ম্যাথু ফিশার ও মিচেল স্যান্টনারের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ বলে টিম সাইফার্টকে হারায় নিউজিল্যান্ড। ঝড়ের আভাস দিয়ে ফেরেন ড্যারিল মিচেল। তৃতীয় ওভারে মায়াঙ্ক ইয়াদাভকে দুটি করে ছক্কা-চার মেরে পঞ্চম বলে এলবিডব্লিউ হন তিনি। অষ্টম ওভারে আকসার প্যাটেলকে একটি চার ও দুটি ছক্কা হাঁকানোর পর ডিপ কাভারে ধরা পড়েন ফিন অ্যালেন। ছন্দে থাকা বেভান জ্যাকবসকে টিকতে দেননি মায়াঙ্ক। ক্রিজে গিয়ে দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন ব্রেসওয়েল। নামান ধিরকে একটি করে ছক্কা-চার হাঁকান তিনি। আকসারের টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছক্কা। ষোড়শ ওভারে নিতিশ কুমার রেড্ডির ওপর ঝড় বইয়ে দেন ফিলিপস। চারটি ছক্কা ও একটি চারে ৯০ রানে পৌঁছে যান তিনি। ওই ওভার থেকে আসে ৩২ রান। পরের ওভারে মায়াঙ্ককে ছক্কায় উড়িয়ে ১৯ বলে ফিফটিতে পা রাখেন ব্রেসওয়েল। ওই ওভারে আরও দুটি ছক্কা হাঁকান তিনি। তাকে বিদায় করে শতরানের জুটি ভাঙেন প্রিন্স। ১৯তম ওভারে আর্শদিপকে ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ফিলিপস, ৪৬ বলে। নিতিশকে ছক্কা মারার পরের বলে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারকে ফিরিয়ে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নেন আর্শদিপ।
ইনিংসের প্রথম বলে ডাফিকে চার মেরে রান তাড়া শুরু করেন সাঞ্জু স্যামসন। কিন্তু পরের বলেই কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। ডাফিকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন একাদশে ফেরা ইশান কিষান। ৪ রানে ২ উইকেট হারানো ভারতকে পথে ফেরানোর চেষ্টা করেন আভিশেক শার্মা ও শ্রেয়াস আইয়ার। কিন্তু পাওয়ার প্লেতেই বিদায় নেন তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি নিতিশ ও নামান ধিরও। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে অনেকটা সময় খেলেন তিলাক ভার্মা। তিনটি ছক্কা ও একটি চারে দলের সর্বোচ্চ ৩৫ রান করতে ৩৫ বলে খেলেন তিনি।
আপনার মতামত লিখুন