বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না রাবাদারা – MZamin
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রতিকূল কন্ডিশন, গতিময় উইকেট আর স্বাগতিক পেসারদের সামলানো বরাবরই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে প্রতিপক্ষের দুর্বলতা কিংবা সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন প্রোটিয়াদের পেস আক্রমণের অন্যতম ভরসা কাগিসো রাবাদা। বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগ দিতে চান তিনি।
জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রাবাদার কথায় উঠে এসেছে প্রতিপক্ষের প্রতি সমীহ। পাশাপাশি নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছে তারা। টাইগারদের টপ অর্ডারের সাম্প্রতিক ফর্ম দক্ষিণ আফ্রিকার জন্য বাড়তি সুবিধা হবে কি না, এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি এই পেসার। রাবাদা বলেন, ‘বাংলাদেশের টপ অর্ডার ভালো করছে, নাকি খারাপ করছে, সেটি নিয়ে আমরা অতটা ভাবছি না। আমি আপনাকে একটি বোরিং উত্তর দিতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, তারা কী করছে, তা বিশ্লেষণ করা এবং সেসবের চেয়ে নিজেদের ভালো খেলায় মনোযোগ দেয়া। এটিই আমাদের লক্ষ্য।’
বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগও দেখছেন না ২৯ বছর বয়সী এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনি সবসময়ই চান সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে। আমার মনে হয়, বাংলাদেশও এখানে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে। এই লড়াইয়ের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’
ওয়ান্ডারার্সে দীর্ঘদিন পর খেলতে নামার রোমাঞ্চও রয়েছে দক্ষিণ আফ্রিকার এই পেসারের মধ্যে। গরম আবহাওয়ায় দেশের ক্রিকেটে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। দর্শকদের জন্যও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেয়ার প্রত্যাশা তার।
বাংলাদেশ সিরিজের আগে ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল রাবাদা। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে অবশ্য মাইলফলক নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে চাননি। রাবাদা বলেন, ‘হুট করে কেউ আমাকে মনে করিয়ে দিলো, আমি ৩৫০ উইকেট নিয়েছি, দ্রুততম বোলার হিসেবে। এগুলো দারুণ কিছু সারপ্রাইজ, যা আমাকে আনন্দ দেয়। আমি এসব নিয়ে গর্বিত। যদিও মাইলফলক নিয়ে খুব বেশি ভাবি না, তবে অর্জনগুলো ভালো লাগারই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে না পারলেও পরের দুই ম্যাচে মাঠে ফেরেন রাবাদা।
দীর্ঘদিন ২২ গজের বাইরে থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, চোটের সময়টা ফিটনেস ও নিজের খেলার বিভিন্ন দিক উন্নত করার কাজে লাগিয়েছেন। বয়স বাড়ার সঙ্গে শরীরের যত্ন নেয়ার চ্যালেঞ্জও বাড়ছে বলে মনে করেন তিনি।
আপনার মতামত লিখুন