জাতীয় সাঁতার প্রথম দিনই নতুন ৬ রেকর্ড – MZamin
জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনে নতুন ছয়টি রেকর্ড হয়েছে। গতকাল মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উদ্বোধনী দিন শেষে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী। তারা জিতেছে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। এদিকে, ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ নিয়ে তালিকার দুইয়ে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতেছে এবং কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব ঝুলিতে পুরেছে একটি ব্রোঞ্জ পদক। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারের ১০টি এবং ডাইভিংয়ের দু’টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সাঁতারে পাঁচ এবং ডাইভিংয়ে হয় একটি নতুন জাতীয় রেকর্ড। পুরুষদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে নিজের পুরনো রেকর্ড ভেঙে ১ মিনিট ৫৪ দশমিক ৫৫ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়েন কাজল মিয়া। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৫ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড নিজের করে নেন সামিউল ইসলাম রাফি।
এ ছাড়া, নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন ইরফানা খাতুন। ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি রিলের লড়াইয়েও এসেছে দু’টি রেকর্ড। পুরুষ ও নারী- উভয় বিভাগেই ৪ গুণন ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নতুন জাতীয় রেকর্ড গড়েছে নৌবাহিনীর সাঁতারুরা। অন্যদিকে, ডাইভিংয়ের নারী বিভাগে এক মিটার স্প্রিংবোর্ডে ১১৯ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন নৌবাহিনীর অপা দাস। পুরুষদের একই ইভেন্টে ২২৬ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে সোনা জেতেন নৌবাহিনীর মো. হোসাইন।
আপনার মতামত লিখুন