ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
0:00 0:00

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাদেশ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার বিকেলে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ছবি: আজকের পত্রিকা

নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ৭:৫৩ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উপনির্বাচনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। নির্বাচন ঘিরে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে নির্বাচন ঘিরে জেলা নির্বাচন অফিস প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও ৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি (সাবেক র‍্যাব) সদস্যরাও মাঠে মোতায়েন রয়েছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত