নারিতায় বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব
নারিতায় বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব
0:00 0:00

নারিতায় বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

বাংলাদেশ
নারিতায় বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ৭:৪০ এএম

জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি শনাক্ত হওয়ার পর উড্ডয়ন স্থগিত করা হয়। পরে সেটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়নে, ত্রুটি মেরামত করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে উড়োজাহাজটির পরবর্তী যাত্রা।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতিনিয়ন্ত্রণে সহায়তা করে। উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এর ভূমিকা রয়েছে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন।’

শাহনূর আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত