নারিতায় প্রধানমন্ত্রীর ফ্লাইটে বোর্ডিং শুরু, রাত ৮টায় উড্ডয়নের সম্ভাবনা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার ফ্লাইটে বোর্ডিং শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটির নারিতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে ট্যাক্সি ওয়ে করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা উড়োজাহাজটির পরীক্ষা ও মেরামতের কাজ করেন। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে বোর্ডিং শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন