ইত্তিহাদে মধুর প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন – MZamin
ইত্তিহাদে মধুর প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন – MZamin
0:00 0:00

ইত্তিহাদে মধুর প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন – MZamin

খেলা
ইত্তিহাদে মধুর প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়লো ব্রাইটন – MZamin
নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ১:৩২ পিএম

মাত্র চারদিন আগে লীগ কাপ বা কারাবাও কাপের ম্যাচে এই মাঠ থেকেই টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। এবার সেই ইত্তিহাদ স্টেডিয়ামেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রতিশোধ নিলো তারা । ইয়াসিন আয়ারির একমাত্র গোল এবং গোলকিপার বার্ট ভারব্রুগেনের বীরত্বে ১-০ গোলে জয় তুলে নিলো ফ্যাবিয়ান হুরজেলের দল। ইংলিশ প্রিমিয়ার লীগের যুগে সিটির মাঠে ব্রাইটনের প্রথম জয় এটি! ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিটিই। এক ম্যাচ কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনালের সংগ্রহও ২১ পয়েন্ট। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আসরের এবারের চমক ব্রাইটন।

গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর এই নিয়ে টানা দ্বিতীয় প্রিমিয়ার লীগের ম্যাচে হারলো এনজো মারেস্কার সিটি। এর আগে গত বছরের আগস্টের পর কখনোই লীগে টানা দুই ম্যাচ হারেনি তারা। অন্যদিকে, এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাইটন। ম্যাচের পর সিগল বস হুরজেলে উচ্ছ্বস প্রকাশ করে বলেন, ‘এ ধরনের মানসিকতা রাখা এবং আমরা যে পরিবেশে কাজ করি সেখানে তা ছড়িয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আর এই ধরনের ম্যাচ জেতার চাবিকাঠি হলো বিশ্বাস।’

ম্যাচের প্রথমার্ধ থেকেই ইত্তিহাদে নিজেদের আধিপত্য বজায় রাখে ব্রাইটন। মাথেউস
নুনেসের রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে বল পেয়ে যান আয়ারি। একাদশ মিনিটের দারুণ সেই শটে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সফরকারীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করে সিটিজেনরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সিটির একের পর এক আক্রমণ রুখে দেন ব্রাইটন গোলকিপার ভারব্রুগেন। সারাক্ষণ ব্যস্ত থাকা এই ডাচ গোলকিপার পুরো ম্যাচে মোট ৭টি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। আরলিং ব্রাউট হালান্দ ও নুনেসের প্রচেষ্টাগুলোও দারুণ দক্ষতায় প্রতিহত করেন ভারব্রুগেন। অন্তিম মুহূর্তে নিকো ও’রাইলির হেড লক্ষ্যভ্রষ্ট হলে ঘরের মাঠে টানা দ্বিতীয় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

ম্যাচের পর নিজের পারফর্মেন্সে খুশি ভারব্রুগেন। তবে পুরো কৃতিত্বই নিজেকে দিতে চান না তিনি। ব্রাইটন গোলকিপার বলেন, ‘আমাদের সবার পক্ষ থেকেই এটি একটি ভালো খেলা ছিল। দলকে সাহায্য করতে পেরে এবং কিছু
গুরুত্বপূর্ণ সেভ করতে পেরে আমি খুশি, তবে একা আমিই তো আর সবকিছু করিনি।’

একই রাতের আগের ম্যাচে চেলসির মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে গোল হজম করে রেড ডেভিলরা। এরপর লিসান্দ্রো মার্টিনেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা, পেনাল্টি থেকে হজম করে আরও এক গোল। টানা ৯ ম্যাচে জয়হীন থাকা ক্লাবটি এখন অবনমন অঞ্চলের থেকে বেঁচে রয়েছে স্রেফ গোল ব্যবধানে। ৯ ম্যাচে ইউনাইটেডে সংগ্রহ ৭ পয়েন্ট, গোল -৫। ক্রিস্টাল প্যালেসেরও ৯ ম্যাচে ৭ পয়েন্ট। তবে -১২ গোল নিয়ে তালিকার ১৮তম স্থানে রয়েছে প্যালেস। আসর শেষে তালিকার শেষ তিনটি দল নিচের বিভাগে নেমে যাবে।