২০২৭ সালের সরকারি ছুটির ৭ দিনই শুক্র ও শনিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিএমও
২০২৭ সালে সরকারি ছুটির তালিকায় থাকা ২৯ দিনের মধ্যে সাত দিনই পড়েছে শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকছে ২২ দিন।
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির এ সূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে তিনটি শুক্রবার ও চারটি শনিবার রয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে কার্যকর ছুটি থাকছে ২২ দিন।
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
এ ছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি মঞ্জুর করা হয়েছে।
আপনার মতামত লিখুন