নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার
নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার
0:00 0:00

নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার

বিনোদন
নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার

নীলম কোঠারি। আইএমডিবি

নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ২:৩৫ এএম

আশির দশকে বলিউডে একঝাঁক নতুন মুখের আগমন ঘটেছিল। তাঁদের মধ্যে নীলম কোঠারি ছিলেন অন্যতম। মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় আর আলাদা ফ্যাশন-সচেতন উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেছিলেন তিনি। গোবিন্দর সঙ্গে তাঁর জুটি একসময় ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘ইলজাম’, ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘হত্যা’—একের পর এক ছবিতে দেখা গেছে তাঁদের।

কিন্তু বলিউডে সাফল্যের শিখরে থেকেও একসময় অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন নীলম। এরপর পেশাবদল, বিয়ে, সংসার ভাঙার অভিজ্ঞতা, কৃষ্ণসার হরিণ শিকার মামলার বিতর্ক—সব মিলিয়ে তাঁর জীবনও কম ঘটনাবহুল নয়। দীর্ঘ বিরতির পর আবার ফিরেছেন পর্দায়, তবে এবার নায়িকা হিসেবে নয়; বরং নিজের জীবনের গল্পের অংশীদার হয়ে।

আজ ৯ নভেম্বর নীলম কোঠারির জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক, কীভাবে হংকংয়ে বেড়ে ওঠা এক তরুণী হয়ে উঠেছিলেন বলিউডের পরিচিত মুখ, কেন জনপ্রিয়তার মধ্যগগনে অভিনয় ছেড়েছিলেন এবং কীভাবে নতুন পরিচয়ে আবারও আলোচনায় ফিরেছেন।

হংকং থেকে বলিউডে, অভিনয়ে আসা ছিল কাকতালীয়
১৯৬৯ সালের ৯ নভেম্বর হংকংয়ে জন্ম নীলমের। তাঁর বাবা শিশির কোঠারি গুজরাটি জৈন পরিবারের, মা পারভিন কোঠারি পারসি। পরিবারের ব্যবসা ছিল হীরার ও গয়নার। শৈশব কেটেছে হংকংয়ে, পরে পরিবারের সঙ্গে থাইল্যান্ডের ব্যাংককে চলে যান। পড়াশোনার পাশাপাশি কি–বোর্ড বাজানো ও জ্যাজ ব্যালে নাচ শিখেছিলেন। সিনেমায় অভিনয় করার কোনো পরিকল্পনাই ছিল না তাঁর।

ছুটিতে মুম্বাইয়ে বেড়াতে এসে ঘটনাচক্রে পরিচয় হয় পরিচালক রমেশ বহেলের সঙ্গে। একদিন একটি পারিবারিক অনুষ্ঠানে নীলমকে দেখে তাঁর ভালো লেগে যায়। এরপর নীলমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক। প্রথমে রাজি হননি তাঁর বাবা। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে সুযোগ দিতে সম্মত হন।

মাত্র ১৫ বছর বয়সে অভিনয়ে পা রাখেন নীলম। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘জওয়ানি’ ছিল তাঁর প্রথম ছবি। সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও নীলমের উপস্থিতি নজর কাড়ে। তবে অভিনয়জগৎ তাঁর কাছে মোটেও সহজ ছিল না। হিন্দি ভাষায় দক্ষতা ছিল না, ফরাসিতে বরং বেশি স্বচ্ছন্দ ছিলেন তিনি। শুরুর দিকে অভিনয়ের কঠোর পরিশ্রম দেখে একসময় বাড়ি ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু বাবা-মায়ের উৎসাহে কাজ চালিয়ে যান।

১৯৮৬ সালে পহলাজ নিহালনির ‘ইলজাম’ নীলমের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে নবাগত গোবিন্দর বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি জনপ্রিয় হওয়ার পর দুজনের জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। এরপর ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘সিন্দুর’, ‘হত্যা’, ‘তাকতওয়ার’সহ একের পর এক ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। বিভিন্ন সূত্রে তাঁদের একসঙ্গে অভিনীত ছবির সংখ্যা ১৪ বলে উল্লেখ করা হয়েছে।
শুধু গোবিন্দর সঙ্গেই নয়, চাঙ্কি পান্ডের সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে নীলমকে। ‘আগ হি আগ’, ‘পাপ কি দুনিয়া’, ‘খতরোঁ কে খিলাড়ি’ ও ‘মিট্টি অউর সোনা’সেই সময়ের উল্লেখযোগ্য কাজ। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অগ্নিপথ’ ও ‘ইন্দ্রজিৎ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আশি ও নব্বইয়ের দশকে বলিউডের বাণিজ্যিক ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন নীলম।

গোবিন্দর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী
পর্দায় গোবিন্দর সঙ্গে নীলমের রসায়ন এতটাই জনপ্রিয় ছিল যে তাঁদের বাস্তব জীবন নিয়েও শুরু হয় নানা গুঞ্জন। নব্বইয়ের দশকে দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলত। গোবিন্দ একাধিকবার নীলমের প্রতি নিজের আকর্ষণের কথা বলেছেন। এমনকি একসময় তাঁকে বিয়ে করার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছিলেন।

তবে নীলম বরাবরই এই সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেছেন। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সে সময় দুজনের একসঙ্গে একাধিক ছবি করলেই তাঁদের প্রেমের সম্পর্কে জড়িয়ে দেওয়া হতো। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না, ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তাৎক্ষণিক জবাব দেওয়ার সুযোগও ছিল সীমিত।

২০২৬ সালের জানুয়ারিতে আবারও বিষয়টি নিয়ে কথা বলেন নীলম। গোবিন্দর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা সরাসরি নাকচ করে তিনি জানান, অভিনেতা হিসেবে গোবিন্দকে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। পরে সেপ্টেম্বরেও গোবিন্দর পুরোনো অনুভূতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তখন জানান, তিনি খুবই কম বয়সী ছিলেন, গোবিন্দ বিবাহিত, সেটাও তখন জানতেন না। তাঁর মা–বাবা ছিলেন বেশ কঠোর, ফলে সে বয়সে প্রেমের সম্পর্কের কথা ভাবারও সুযোগ ছিল না।

এই প্রসঙ্গে নীলমের স্বামী অভিনেতা সমীর সোনিও বলেছেন, দুই দশক আগের কোনো ঘটনা, যার সত্যতাই তাঁর জানা নেই, তা নিয়ে অযথা পড়ে থাকার কারণ দেখেন না তিনি।

হরিণ শিকার মামলা: জড়িয়ে পড়েছিলেন যে বিতর্কে
নীলমের জীবনের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি ১৯৯৮ সালের হরিণ শিকার মামলা। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে রাজস্থানের যোধপুরের কানকানি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় সালমান খান, সাইফ আলী খান, নীলম কোঠারি, টাবু ও সোনালি বেন্দ্রের নাম জড়ায়।
ঘটনার পর তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায় আসে ২০১৮ সালের ৫ এপ্রিল। যোধপুরের আদালত সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে নীলম, সাইফ, টাবু ও সোনালিকে খালাস দেওয়া হয়।

বিষয়টি সেখানেই শেষ হয়নি। ২০২৫ সালের মে মাসে রাজস্থান সরকার ওই চার অভিনেতা-অভিনেত্রীর খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নেয়। ফলে দীর্ঘদিন আগের এ ঘটনা আবারও সংবাদমাধ্যমে আলোচনায় আসে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীলমকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়নি।

বিয়ে, পরিচয় বদলের চাপ এবং ভেঙে যাওয়া সংসার
পর্দার বাইরে নীলমের ব্যক্তিগত জীবনেও ছিল নানা টানাপোড়েন। ২০০০ সালে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ঋষি শেঠিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে অন্য দেশে চলে যান। কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি।

অনেক বছর পর নিজের প্রথম বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন নীলম। ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে জানান, বিয়ের পর তাঁকে পোশাকের ধরন বদলাতে, আমিষ খাবার ও মদ্যপান ছেড়ে দিতে বলা হয়েছিল। এমনকি নিজের নামও পরিবর্তন করেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন, শুধু জীবনযাপনের ধরন নয়, তাঁর নিজস্ব পরিচয়ও যেন বদলে ফেলার চেষ্টা হচ্ছে।
একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরিচিত কেউ তাঁকে অভিনেত্রী নীলম হিসেবে চিনতে পারলেও নিজের পরিচয় অস্বীকার করতে হতো। বিষয়টি তাঁকে ভেতরে–ভেতরে ভীষণভাবে কষ্ট দিত। শেষ পর্যন্ত সেই বিয়ে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পর দীর্ঘ সময় নিজেকে গুটিয়ে রেখেছিলেন নীলম। সমীর সোনির সঙ্গে এক আলোচনায় তিনি জানিয়েছেন, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রায় এক বছর কারও সঙ্গে দেখা করেননি, কথাও বলেননি। মানুষের নানা প্রশ্ন ও নিজের ব্যর্থতার অনুভূতি তাঁকে আচ্ছন্ন করে রেখেছিল। পরে ধীরে ধীরে সেই কঠিন সময় কাটিয়ে ওঠেন।
২০১১ সালে অভিনেতা সমীর সোনিকে বিয়ে করেন নীলম। দুজনেরই আগে বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা থাকায় নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাঁরা সতর্ক ছিলেন। সম্পর্কের শুরুতে দুজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হলে বিচ্ছেদের কথাও ভাবতেন। কিন্তু শেষ পর্যন্ত একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নেন। ২০১৩ সালে আহানা নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন তাঁরা। বর্তমানে স্বামী ও মেয়েকে নিয়ে সংসার করছেন নীলম।

নায়িকা থেকে গয়নার নকশাকার: নতুন পরিচয়ের লড়াই
অভিনয়জীবনের মধ্যগগনে থাকা অবস্থায় নীলমের সিদ্ধান্ত ছিল বেশ অপ্রত্যাশিত। ২০০১ সালের দিকে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। কেন এমন সিদ্ধান্ত? এক সাক্ষাৎকারে নীলম জানিয়েছিলেন, তখন যে ধরনের চরিত্রের প্রস্তাব পাচ্ছিলেন, সেগুলো তাঁকে আর আকৃষ্ট করছিল না। নিজের ক্যারিয়ার ধীরে ধীরে ম্লান হওয়ার অপেক্ষা না করে জনপ্রিয়তার সময়েই সরে দাঁড়াতে চেয়েছিলেন।
তবে অভিনয় ছেড়ে দেওয়ার অর্থ নীলমের কাছে কর্মজীবন শেষ হয়ে যাওয়া ছিল না। পরিবারের বহুদিনের গয়নার ব্যবসার সঙ্গে তাঁর পরিচয় ছিল। অভিনয়ের পাশাপাশি গয়না তৈরি ও নকশার কাজও শিখেছিলেন। তাই এবার সেই জগৎকে পেশা হিসেবে বেছে নেন।

কিন্তু নতুন পরিচয় প্রতিষ্ঠা করা সহজ ছিল না। অভিনেত্রী থেকে উদ্যোক্তা হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলম বলেছিলেন, গয়নার ব্যবসায় প্রথম পাঁচ-ছয় বছর তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অনেকে তাঁকে গুরুত্ব দিতে চাননি। তাঁদের ধারণা ছিল, অভিনেত্রী হিসেবে কাজ না থাকায় তিনি গয়নার ব্যবসায় নেমেছেন। অথচ এই ব্যবসার সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক।

নীলমের ভাষায়, গয়নার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রেতার আস্থা অর্জন করা। সেই আস্থা তৈরি করতে তাঁকে এক দশকেরও বেশি সময় লেগেছে। বাবার কাছ থেকে পাওয়া উৎসাহ ও নিজের পরিশ্রমে ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন ‘নীলম কোঠারি ফাইন জুয়েলস’। অভিনয়জগতের বাইরে এভাবেই তৈরি করেন নিজের আলাদা অবস্থান।

যৌনকর্মী থেকে ‘আশিকি ২’-এর লেখক, সিনেমাকেও হার মানায় তাঁর গল্প

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে
অভিনয় থেকে সরে যাওয়ার পর দীর্ঘদিন নীলমকে বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি। তবে ২০২০ সালে নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এই সিরিজে তাঁর সঙ্গে ছিলেন মাহিপ কাপুর, ভাবনা পান্ডে ও সীমা সাজদেহ। বলিউডের তারকাদের স্ত্রীদের ব্যক্তিগত জীবন, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও সামাজিক পরিসরের নানা দিক তুলে ধরা হয় এতে।

সিরিজটি নীলমকে নতুন প্রজন্মের দর্শকের কাছেও পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এও দেখা গেছে তাঁকে। এ ছাড়া ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় মৌসুমেও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ে ফেরার অভিজ্ঞতা নিয়ে নীলম এক সাক্ষাৎকারে বলেছিলেন, বর্তমান সময়টা অভিনেতাদের জন্য দারুণ। এখনকার গল্প ও চরিত্রের বৈচিত্র্য তাঁকে আকৃষ্ট করে। এমনকি আজকের সময়ে অভিনয় শুরু করতে পারলে ভালো লাগত বলেও জানিয়েছিলেন তিনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিংকভিলা ও ইন্ডিয়া টুডে অবলম্বনে