রাফিনহাকে নিয়ে বার্সেলোনার বিশেষ অনুরোধ – MZamin
আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে এবং ১৭ নভেম্বর এশিয়ার আরেকটি দলের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। দলীয় স্কোয়াডে যোগ দিতে প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছেন বার্সেলোনা অধিনায়ক রাফিনহা। তবে দীর্ঘ এই ভ্রমণ ও ফিটনেস নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে তার ক্লাব বার্সেলোনা। জাতীয় দলের হয়ে মাঠে নেমে ফরোয়ার্ড রাফিনহা আবারও চোটে পড়তে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে বিশেষ যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাফিনহার ইনজুরি ইতিহাস বেশ দীর্ঘ। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর এবং সবশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের সময় উরুতে অস্বস্তি অনুভব করে ছিটকে যান তিনি। স্ক্যানে তার ডান পায়ে ইডিমা ধরা পড়েছিল, যার কারণে গেটাফে ও গালাতাসারাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল এবং লা লিগায় ১৫ গোল করে বর্তমানে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ও অন্যতম ভরসার প্রতীক এই ফরোয়ার্ড। বারবার একই জায়গায় চোটে পড়ার ঝুঁকি এড়াতেই সিবিএফের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে ক্লাবটি।
উভয়পক্ষের সমঝোতা প্রসঙ্গে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এসপোর্তে’ জানিয়েছে, রাফিনহার খেলার সময় ব্যবস্থাপনার বিষয়ে স্প্যানিশ ক্লাব ও সিবিএফ একমত হয়েছে। লক্ষ্য একটাই—তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ক্লাবে ফিরিয়ে আনা এবং জাতীয় দলের জার্সিতে টানা তৃতীয়বার ইনজুরির শিকার হওয়ার ঝুঁকি কমানো। কোচ কার্লো আনচেলত্তিও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
এর আগে গত রোববার মেট্রোপলিটানোতে ম্যাচ শেষে রাফিনহার কাজের চাপ ও খেলার সময় নিয়ন্ত্রণের পক্ষে জোরালো মত দেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্রাজিলের হয়ে তার খেলার সময়টা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমি খুশি হবো।’
আপনার মতামত লিখুন