৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দিলেন অভিষিক্ত বিয়ার্ডম্যান – MZamin
অভিষেকের মঞ্চটা যে এমন রেকর্ডময় হবে, তা হয়তো কল্পনাও করেননি মাহলি বিয়ার্ডম্যান। ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে রীতিমতো তাণ্ডব চালালেন অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী এই পেসার। তার বিধ্বংসী বোলিংয়ে পার্থে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। পরে ১৫৯ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিলো অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে ৭.৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগার। নিজের ঘরের মাঠ পার্থেই এমন কীর্তি গড়লেন তরুণ এই পেসার। অভিষেক ম্যাচেই ছয় উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন তিনি।
শুরুতে বেন ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চাপ তৈরি করেন স্পেনসার জনসন। এরপর টম ব্যান্টনও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দশম ওভারে আক্রমণে এসে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন বিয়ার্ডম্যান। প্রথমে হ্যারি ব্রুককে ফিরিয়ে শুরু। এরপর নিজের ২০০তম ওয়ানডে খেলতে নামা অভিজ্ঞ জো রুটকে সাজঘরে পাঠান তিনি। একের পর এক আঘাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামতে থাকে। জর্ডান কক্স, স্যাম কারেন ও লিয়াম ডসনের উইকেটও তুলে নেন এই তরুণ। মাত্র ২৮ বলের ব্যবধানে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ঠেলে দেন ৬০ রানে ৭ উইকেটের বিপর্যয়ে।
পরে জোফরা আর্চারকে গালি অঞ্চলে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন বিয়ার্ডম্যান। তার তোপে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৩১ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। স্পেনসার জনসনও তিন উইকেট নিয়ে দারুণ সহযোগিতা করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে আর কোনো রোমাঞ্চ থাকেনি। ৩০ বলে ফিফটি পূর্ণ করা মার্শ চারটি ছক্কা ও চারটি চারে ৫০ রান করেন। শেষ পর্যন্ত ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার অ্যাডিলেডে মুখোমুখি হবে দুদল। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১শে নভেম্বর থেকে।
আপনার মতামত লিখুন