এখনও সুরাহা হয়নি সাফে ভারতের ‘খাবারের সমস্যার’ – MZamin
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগেও ভারতের দলের খাবারে সমস্যার সুরাহা হয়নি। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর কোচের পক্ষ থেকে বিষয়টি তোলার পর আশ্বস্ত করা হলেও, বাস্তবে তার প্রতিফলন মেলেনি। এমন অভিযোগ কোচ নওশাদ মুসার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়নি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি সমাধান করা হবে।’
এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরও খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়েরা হয়তো বেশি খেতে চান না। কিন্তু ম্যাচ শেষে তাঁদের ভালো খাবার প্রয়োজন হয়। অথচ প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।’
খাবারের ভিন্নতা ও পর্যাপ্ত অনুশীলনের ঘাটতি নিয়ে া উদ্বেগ থাকলেও ঢাকার আবহাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই ভারতীয় কোচের। তার বিশ্বাস, নতুন যোগ দেওয়া খেলোয়াড়েরাও এখানকার আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন। এ প্রসঙ্গে নওশাদ বলেন, ‘আবহাওয়া মোটেও কোনো সমস্যা নয়। কারণ, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এখানকার আবহাওয়ার বেশ মিল রয়েছে। শুধু পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াটাই আমাদের একমাত্র উদ্বেগের বিষয়।’ সব সংকট পেছনে ফেলে ভুটান ম্যাচে শতভাগ মনোযোগ নওশাদের। ফাইনালে বাংলাদেশ নাকি পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে আসবে, তা নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি। এ বিষয়ে ভারতীয় কোচ বলেন, ‘আমরা কোন প্রতিপক্ষকে পাবো, সেটা আমার হাতে নেই। বরং একটি নির্দিষ্ট দিনে একটি দল কীভাবে খেলছে, সেটিই গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে।’ ভুটানকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ ভাবছেন না নওশাদ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ দেখে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। ভুটানের দ্রুতগতির খেলোয়াড়, গোছানো রক্ষণ এবং পাল্টা আক্রমণের সামর্থ্যকে সমীহ করে নওশাদ সতর্কবার্তা দিয়ে বলেন, ‘তারা সুযোগ পেলে গোল করবে। তাই আমাদের রক্ষণভাগের খেলোয়াড়দের খুব সতর্ক থাকতে হবে।’
আপনার মতামত লিখুন