আলিসের বোলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে যা জানা গেল – MZamin
বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষা দেয়ার জন্য ভারত গেছেন আলিস আল ইসলাম। আগামীকাল আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দেবেন বাংলাদেশের রহস্যময় স্পিনার। তবে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল জানা যাবে ২৮শে নভেম্বর।
গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়েও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আলিসের। ম্যাচে ৮.৫ ওভারে ৪৭ রান খরচা করে উইকেটশূন্য ছিলেন তিনি। ম্যাচ শেষে ডানহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালসরা। প্রশ্নবিদ্ধ হওয়ার পর থেকে মিরপুরে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন আলিস। বোলিং অ্যাকশন শুধরানোর জন্য তাকে সাহায্য করেন মোহাম্মদ সালাহউদ্দিন। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রশ্নবিদ্ধ হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা দিতে হয়। আলিসও সেভাবেই প্রস্তুতি নেন। ভারত সবচেয়ে কাছে হওয়ায় চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স সেন্টারে আলিসকে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভিসা জটিলতায় নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে যেতে পারেননি তিনি। পরবর্তীতে আইসিসির কাছ থেকে সময় বাড়িয়ে নেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ১২ই নভেম্বর ভারতের চেন্নাইয়ে পৌঁছান আলিস। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তিনি। ২০২৫ বিপিএলে চিটাগং কিংসের জার্সিতে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সাত ম্যাচে ১১ উইকেট নেয়ার পর প্রশ্নবিদ্ধ হয় ডানহাতি স্পিনারের বোলিং অ্যাকশন। যদিও ঢাকায় পরীক্ষা দিয়ে পাশ করে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। এর আগে প্রথমবার ২০১৯ সালে বিপিএল অভিষেকে প্রশ্নের মুখে পড়েন আলিস। সেবারও বোলিং অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস।
আপনার মতামত লিখুন