মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় সালাহ – MZamin
রেকর্ড ভাঙাই যেন অভ্যাসে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। এবার দেশের ফুটবল ইতিহাসে নতুন উচ্চতায় উঠলেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। মালাবির বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে জোড়া গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন সালাহ। ব্যক্তিগত ৭০তম আন্তর্জাতিক গোলটি তিনি করেন দৃষ্টিনন্দন পানেনকা পেনাল্টিতে। ম্যাচে ৫-০ ব্যবধানে বড় জয় পায় মিশর।
ম্যাচের শেষ দিকে সালাহর জোড়া গোলেই পূর্ণতা পায় মিসরের দাপুটে জয়। আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার আগে দেশের হয়ে গোলের রেকর্ড থেকে মাত্র দুই পা দূরে ছিলেন তিনি। ৮৪ মিনিটে নিজের প্রথম গোল করে কিংবদন্তি হোসাম হাসানের ৬৯ গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। তবে রেকর্ড ভাগাভাগিতে সন্তুষ্ট থাকেননি তিনি। যোগ করা সময়ে পেনাল্টি পায় মিশর। স্পটকিক থেকে গোল করার সুযোগ পেয়ে অসাধারণ ঠান্ডা মাথার পরিচয় দেন সালাহ। গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে পাঠান পানেনকা শটে। তাতেই ৭০তম আন্তর্জাতিক গোল, এককভাবে মিসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব।
২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলেছেন সালাহ। দীর্ঘ এই যাত্রায় আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্লাব ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন সালাহ। লিভারপুলের দীর্ঘ নয় বছরের অধ্যায় শেষে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন তিনি। চলতি মৌসুমে লীগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। তুর্কি সুপার লীগের প্রথম ৭ ম্যাচেই গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০ গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি।
লিভারপুল ছাড়ার আগে ইংলিশ প্রিমিয়ার লীগে ক্লাবটির হয়ে ১৯১ গোল করেন সালাহ, যা প্রতিযোগিতাটিতে লিভারপুলের হয়ে সর্বোচ্চ। সব মিলিয়ে ক্লাবটির হয়ে ২৮৪ গোলে অবদান রেখেছেন তিনি। প্রিমিয়ার লীগের ইতিহাসে এক ক্লাবের হয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অবদানও এটি।
আপনার মতামত লিখুন